সময় কলকাতা ডেস্ক, ৬ ফেব্রুয়ারি: সোমবার ভোররাত থেকে শুরু হয়েছে কম্পন। ক্ষণে ক্ষণে কেঁপে উঠছে তুরস্কের মাটি। সোমবারই পরপর চারবার বড়মাপের ভূমিকম্প রেকর্ড হয়েছে তুর্কি ও সিরিয়ায়। প্রতিটি কম্পনের মাত্রাই রিখটার স্কেলে ছিল ৭ পয়েন্টর উপরে। সোমবার ভোরে প্রথম কম্পনের মাত্রা ছিল ৭.৮, এরপরে সন্ধ্যে পর্যন্ত আরও তিনবার ভূমিকম্প হয়েছে তুরস্কে। রিখটার স্কেলে যার মাত্রা ছিল যথাক্রমে ৭.৬, ৭.১ ও ৭.৫।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী মঙ্গলবার সকালেও ফের কেঁপে ওঠে তুরস্কের মাটি, তবে এবার মাত্রা একটু কম, রিখটার স্কেলে ৬.১ ছিল। জানা যাচ্ছে এখনও পর্যন্ত ৪ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে ভয়াবহ ভূমিকম্পে। কার্যত মৃত্যুপুরীতে পরিনত হয়েছে তুরস্ক। আহতের সংখ্যা ইতিমধ্যেই ১৮ হাজার ছাড়িয়েছে। মৃত ও আহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করছে তুর্কি প্রশাসন। তাঁরা আন্তর্জাতিক মঞ্চগুলির কাছে সাহায্যের আবেদন করেছে। ভূকম্পন অনুভূত হয়েছে তুরস্কের পড়শি দেশ সিরিয়াতেও। সেখানেও বহু মানুষের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে।

গোটা তুরস্ক জুড়ে শুধুই ধ্বংসের ছবি। চার দিকে কান্নার রোল, মৃতদেহর স্তুপ জড়ো হচ্ছে বিভিন্ন জায়গায়। একেকটি পরিবারে কান্নার জন্যও হয়তো কেউ বেঁচে নেই। ভূমিকম্পের জেরে একের পর বহুতল আবাসন তাসের ঘরের মতো ভেঙে পড়েছে। যার বিভিন্ন ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। আশঙ্কা করা হচ্ছে সেই ধ্বংসস্তুপে বহু মানুষ আটকে আছেন। ফলে উদ্ধারকাজ চলছে জোর কদমে। কিন্তু বার বার ভূমিকম্পের জেরে তা ব্যাহত হচ্ছে। যদিও ইতিমধ্যেই বহু দেশ তুরস্ক ও সিরিয়ার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। ভারতও জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর একটি দলকে তুরস্কে পাঠিয়েছে প্রয়োজনীয় ওষুধপত্র ও ত্রাণসামগ্রী-সহ।


More Stories
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার
হরমুজ প্রণালী, রান্নার গ্যাস ও তেল এবং ভারত -ইরানের সম্পর্ক
যুদ্ধের জাঁতাকলে ভারত