Home » স্কুলে গ্রুপ –ডি পদে ১,১৯৯ জনের চাকরি বাতিল করে ২,৫২০ শূন্যপদে নিয়োগের নির্দেশ হাইকোর্টের

স্কুলে গ্রুপ –ডি পদে ১,১৯৯ জনের চাকরি বাতিল করে ২,৫২০ শূন্যপদে নিয়োগের নির্দেশ হাইকোর্টের

সময় কলকাতা ডেস্ক, ১০ ফেব্রুয়ারি: শুক্রবার কলকাতা হাইকোর্টের নির্দেশে বেআইনিভাবে নিয়োগের জেরে চাকরি গেল ১,১১৯ জন গ্রুপ ডি কর্মীর। খুশির খবর এই যে, এদিনই কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছে ২,৫২০টি শূন্যপদে দ্রুত নিয়োগ করার। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এদিন নির্দেশ দিয়েছেন, আগের বাতিল হওয়া ৬০৯ পদেও এই নিয়োগে যুক্ত করতে হবে। উল্লেখ্য, গত ২৮ সেপ্টেম্বর বিচারপতি গঙ্গোপাধ্যায় নিয়োগে বেনিয়মের জেরে ওই ৬০৯ জনের চাকরি বাতিল করেছিলেন। এদিন বাতিল করলেন ১,১১৯ জনের চাকরি। সবমিলিয়ে ২,৫২০টি শূন্যপদ সৃষ্টি হয়েছে। এবার মেধা তালিকা অনুযায়ী স্কুল সার্ভিস কমিশনকে প্রকৃত চাকরিপ্রার্থীদের নিয়োগ করার নির্দেশ দিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। এ ক্ষেত্রে ওয়েটিং লিস্টের প্রার্থীদেরও বিবেচনা করা যেতে পারে বলে নির্দেশে জানিয়েছেন তিনি।

এদিন কলকাতা হাইকোর্ট এসএসসি-কে নির্দেশ দিয়েছে, আগামী ৬ মার্চের মধ্যে ইন্টারভিউয়ের মাধ্যমে এই নিয়োগ প্রক্রিয়া শেষ করতে হবে। এই মামলার পরবর্তী শুনানি আগামী ১৩ মার্চ। ওই দিনই এসএসসি-কে নিয়োগ সংক্রান্ত পূর্ণাঙ্গ রিপোর্ট পেশ করতে হবে আদালতে। শুক্রবার কলকাতা হাইকোর্টের নির্দেশ আসার পরই স্কুল সার্ভিস কমিশন তাঁদের ওয়েবসাইটে বিজ্ঞপ্তি জারি করে ওই প্রার্থীদের সুপারিশপত্র প্রত্যাহার করে নেয়। ফলে এরপরই চাকরি বাতিলের প্রক্রিয়া শুরু হয়ে গেল।

সেই সঙ্গে এদিন বিচারপতি গঙ্গোপাধ্যায় সুবীরেশ ভট্টাচার্যকে কড়া নির্দেশ দিয়েছেন। এসএসসি-র প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্যের উদ্দেশ্যে বলেন, ‘সুবীরেশ ভট্টাচার্যকে নির্দেশ দিচ্ছি, কাদের কথায় এত বেআইনি নিয়োগ হয়েছে, অবিলম্বে তাঁদের নাম জানাতে। তাঁদের নাম জানাতে হবে, কারা এই দুর্নীতিতে যুক্ত’। পাশাপাশি তিনি সুবীরেশকে এই মামলায় যুক্ত করারও নির্দেশ দেন। এছাড়া তিনি নির্দেশ দেন, এখন কোথাও নিজের শিক্ষাগত যোগ্যতা বা ডক্টরেট ডিগ্রি ব্যবহার করতে পারবেন না সুবীরেশ ভট্টাচার্য।

About Post Author