সময় কলকাতা ডেস্ক, ১০ ফেব্রুয়ারি: খাতায় কলমে সেমি হাইস্পিড বন্দে ভারত এক্সপ্রেসের সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় ১৮০ কিলোমিটার। কিন্তু ভারতের বেশিরভাগ এলাকায় রেললাইন এত গতি সহ্য করতে পারে না। তাই রেলকে ট্রেন চালাতে হয় গতি নিয়ন্ত্রণ রেখে। যেমন হাওড়া-নিউ জলপাইগুড়ি রুটে চালু হওয়া নতুন বন্দে ভারত এক্সপ্রেসের গড় গতিবেগ ঘন্টায় ১১০ কিলোমিটার। রেলের দাবি, এবার এই গড় গতিবেগ বাড়তে চলেছে। সব ঠিকঠাক থাকলে গড় গতিবেগ ১১০ কিমি প্রতি ঘন্টা থেকে বাড়িয়ে ১৩০ কিমি করা হবে।
হাওড়া-নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেস ৫৫৬ কিলোমিটার যাত্রা করতে বর্তমানে সময় নেয় সাড়ে সাত ঘন্টা মতো। একই রুটে শতাব্দী এক্সপ্রেস সময় নেয় ৮ ঘন্টা ১০ মিনিট। কারিগরি দিক থেকে বলতে গেলে হাওড়া থেকে বর্ধমান হয়ে খানা জংশন পর্যন্ত রেললাইন যথেষ্ট উন্নত। এখানে কোনও ট্রেন ১৩০ কিমি প্রতি ঘন্টা ছুটতে সক্ষম। বর্ধমান থেকে মালদা পর্যন্ত রেললাইনও ভালো। কিন্তু মালদা থেকে এনজেপি পর্যন্ত রেললাইন পুরোনো থাকায় পুরো যাত্রাপথে ট্রেনের গতিবেগ বাড়ানো সম্ভব হচ্ছিল না। এবার সেই কাজ শুরু করেছে রেল। রেললাইনের পাশাপাশি সিগন্যালিং ব্যবস্থা ও ওভারহেড বিদ্যুতের তারও উন্নত করতে হবে দ্রুতগতির ট্রেন চালাতে হলে।
মঙ্গলবারই এই বিষয়টি খতিয়ে দেখতে রেলের মালদহ ডিভিশনে পরিদর্শনে আসেন পূর্ব রেলের অতিরিক্ত জেনারেল ম্যানেজার জয়দীপ গুপ্ত। সিগন্যালিং-সহ কন্ট্রোল রুমের বিভিন্ন বিভাগ অন্যান্য নানা ব্যবস্থা খতিয়ে দেখেন তিনি। এরপরই তিনি সাংবাদিকদের জানান, আগামী দুই তিন মাসের মধ্যেই মালদা থেকে এনজেপি পর্যন্ত বন্দে ভারতের গতিবেগ ঘন্টায় আরও ২০ কিলোমিটার বাড়তে চলেছে। এতে সময় আরও কিছুটা কমে যাবে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।


More Stories
গ্রেফতার কলকাতা পুরসভার দুই কাউন্সিলর
আরজিকর কাণ্ডের আইনি ফাঁসে রচনা
ঋতব্রত সন্দীপনের বহিষ্কারের চিঠিতে কী কী লেখা হয়েছে?