সময় কলকাতা ডেস্ক, ১৩ ফেব্রুয়ারি: আগামী ১৬ ফেব্রুয়ারি ভোটগ্রহন উত্তর-পূর্ব ভারতের এই ছোট্ট রাজ্যে। ফলে ত্রিপুরায় আসন্ন বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে জমে উঠেছে শেষ মুহূর্তের প্রচার। রবিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পর সোমবার ত্রিপুরার রাজধানী আগরতলায় নির্বাচনী প্রচারে আসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আগরতলায় দলের প্রকাশ্য জনসভায় যোগ দেন তিনি। আগের মতোই এদিনের সভা থেকে একযোগে সিপিএম ও কংগ্রেসকে আক্রমণ করেন নরেন্দ্র মোদি। জনসভা থেকে তিনি বলেন, বাম কংগ্রেসের মতো সমমনস্ক দলগুলি ত্রিপুরার মানুষকে গরিব রেখে নিজেদের আখের গোছাতে চায়।

পাশাপশি ত্রিপুরায় শেষ পাঁচ বছরের বিজেপি সরকারের সাফল্যের খতিয়ানও তুলে ধরেন প্রধানমন্ত্রী। তাঁর ভাষণে আবার উঠে এল ডবল ইঞ্জিন সরকারের সাফল্য। বাম ও কংগ্রেসকে আক্রমণ করে তিনি বলেন, ত্রিপুরার মহিলা এবং যুবরা বামেদের চাঁদাবাজি এবং ঝান্ডাবাজির সরকারকে পাঁচ বছর আগে ‘রেড কার্ড’ দেখিয়েছিলেন। এ বারেও তাঁরা একই পথে হাঁটবেন। এদিন মোদির জনসভায় জনজোয়ার ছিল চোখে পড়ার মতো।

অপরদিকে সোমবার ত্রিপুরায় ভোট প্রচার করলেন তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। জনসভা থেকে বিজেপিকে নিশানা করেন তিনি। জনসভা থেকে কেন্দ্র ও ত্রিপুরার শাসক দল বিজেপির বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগে সরব হন তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক। তিনি বলেন, বিজেপি ত্রিপুরাকে আরও এক দশক পিছিয়ে দিয়েছে। কেন্দ্রের NCRB-র দেওয়া তথ্য তুলে ধরে তিনি বলেন ত্রিপুরায় সন্ত্রাস বেশি হয়। পাশাপাশি, তৃণমূল আগামীদিনে ক্ষমতায় আসলে ত্রিপুরায় সার্বিক উন্নয়নের আশ্বাসও দেন অভিষেক। উল্লেখ্য, এবারই প্রথম ত্রিপুরা বিধানসভা নির্বাচনের আসরে নেমেছে বাংলার শাসকদল তৃণমূল। ৬০ আসনের বিধানসভায় ২৮টি আসনে প্রার্থী দিয়েছে জোড়াফুল শিবির। এর আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ত্রিপুরার মাটিতে জনসভা ও রোড শো করেছেন। অভিষেক এই নিয়ে দ্বিতীয়বার জনসভা করলেন ওই রাজ্যে।


More Stories
আক্রান্ত হলেন ককরোচ পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে
ভারতে তেলের দাম কি কমছে?
আইনি জটিলতা কাটাতে এনসিপিআই-এ মিশে গেলেন বিদ্রোহী তৃণমূল সাংসদরা