Home » জন্ম ফুটপাথে, নাম তাঁর ভ্যালেন্টাইন

জন্ম ফুটপাথে, নাম তাঁর ভ্যালেন্টাইন

সময় কলকাতা ডেস্ক, ১৪ ফেব্রুয়ারি: ফুটপাতেই তাঁর জন্ম। নাম তাঁর ভ্যালেন্টাইন, কিন্তু কেন? কারণ সে পৃথিবীর আলো দেখেছে ভ্যালেন্টাইন্স ডে-র প্রাক মুহূর্তে। বাবা গৌতম গায়েন ফুটপাতেই গিটার বাজিয়ে গান গেয়ে রোজগার করেন। যদিও মাসখানেক আগে কলকাতা পৌরসভার হল্লা গাড়ি এসে ভেঙে দিয়েছিল ফুটপাতে তাঁদের প্লাস্টিক জড়ানো ঘর ও তাঁর সাধের গিটার। এরই মধ্যে তাঁদের দুই ফুটের ছোট্ট সংসারে ফুটেছে ফুট ফুটে এক সদস্য।

এই পরিস্থিতিতে পাশে দাঁড়ালেন দুই শিল্পী। স্বেচ্ছাসেবী সংগঠনের কর্ণধার শিল্পী ইন্দ্রানী গাঙ্গুলি এবং অভিনেত্রী তৃণা সাহা ভট্টাচার্য। হাসপাতাল থেকে শুরু করে চিকিৎসার যাবতীয় খরচ সামলেছেন তাঁরা। ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে তাই সদ্যোজাত শিশু কন্যাটির নাম রাখা হলো ‘ভ্যালেন্টাইন’। পাশাপাশি গৌতম গায়েনের হাতে তুলে দেওয়া হলো সংস্থার তরকে একটি নতুন গিটার।

পশ্চিমী দেশগুলিতে বহু মানুষ রাস্তায় রাস্তায় গিটার বা অন্য কোন যন্ত্র সঙ্গীত বাজিয়ে গান গেয়ে রোজগার করেন। যাকে পোশাকি ভাষায় ‘বাস্কিং’ বলে। এমনই এক পেশা আকড়ে ধরে গড়িয়াহাট মোড়ে সংসার চালাচ্ছিলেন গৌতম গায়েন। গাইয়ে হিসেবে অনেকেই তাঁর তারিফ করেন, কিছু টাকাও দিয়ে যান পথচলতি মানুষ। স্বামী-স্ত্রী মিলে ফুটপাথেই গড়ে তুলেছিলেন সাধের সংসার। কিন্তু সেই প্লাস্টিকের ছাউনির ঘর হারিয়ে খোলা আকাশের নীচেই চলে আসতে হয় তাঁদের। ততদিনে সন্তানসম্ভবা গৌতম গায়েনের স্ত্রী। ফলে তাঁরা পড়েছিলেন আকুল পাথারে।

এই সময়ই ভগবানের দূত হিসেবে পাশে দাঁড়ালেন স্বেচ্ছাসেবী সংগঠনের কর্ণধার শিল্পী ইন্দ্রানী গাঙ্গুলি এবং অভিনেত্রী তৃণা সাহা ভট্টাচার্য। প্রেম দিবসের প্রাক মুহূর্তে যার জন্ম, সেই একরত্তি ফুটফুটে ফুটপাথবাসীর নাম তাঁরা রাখলেন ‘ভ্যালেন্টাইন’। ভালোবাসার দিনে মানুষ মানুষের পাশে দাঁড়াবে, এটাই কাম্য। গড়িয়াহাট মোড়ে ছোট্ট ভ্যালেন্টাইনকে ঘিরে মানবতার নজির গড়ল সিটি অফ জয়।

About Post Author