Home » আত্মগোপন প্রসঙ্গে মুখ খুললেন জীবন সিংহ

আত্মগোপন প্রসঙ্গে মুখ খুললেন জীবন সিংহ

সময় কলকাতা ডেস্ক,১৬ ফেব্রুয়ারিঃ দীর্ঘ নীরবতার পর কেএলও জঙ্গি নেতা জীবন সিংহ প্রেস বিজ্ঞপ্তি এবং ভিডিও বার্তা প্রকাশ করে নিজের অবস্থান স্পষ্ট করলেন। ১৫ই ফেব্রুয়ারি এই বিজ্ঞপ্তি ও ভিডিও বার্তা সামনে এসেছে। তবে ভিডিওটি ঠিক কবে তোলা হয়েছিল সে বিষয়ে কোনো তথ্য প্রকাশ করা হয়নি। জীবন সিংহ ভিডিও বার্তায় জানিয়েছেন, কিছু ব্যক্তি গুজব ছড়াচ্ছে, এবং বিভ্রান্তিকর সংবাদ পরিবেশন করছে। যেখানে বলা হচ্ছে ভারত সরকার ষড়যন্ত্র করে, কৌশল করে তাঁকে ভারতে নিয়ে এসে তাঁর সঙ্গে প্রতারণা করছে এবং তাঁকে আত্মগোপন করে থাকতে বাধ্য করা হয়েছে, এ সমস্তই ভুল তথ্য। তিনি এবং তার সতীর্থরা সকলেই ভারত সরকারের তত্ত্বাবধানে ভালো আছেন, সুস্থ শরীরে আছেন, তাদেরকে যত্ন সহকারে রাখা হয়েছে, তাকে নিয়ে চিন্তার কোন কারণ নেই। ভারত সরকারের সঙ্গে কামতাপুর লিবারেশন অর্গানাইজেশনের শান্তি আলোচনা সঠিক পথেই এগোচ্ছে।


গত ১৮ জানুয়ারি যাবতীয় জল্পনায় সিলমোহর দিয়ে কেএলও নেতা তিমির দাস ওরফে জীবন সিংহ আত্মসমর্পণ করেছেন বলেই দাবি করেছিলেন সর্বভারতীয় সংবাদমাধ্যমের। ১৩ জানুয়ারি তিনি নাগাল্যান্ডে অসম রাইফেলসের কাছে ধরা দেন। তবে,তিনি একা নন, তাঁর সঙ্গে কেএলও-র আরও ৬ জন আত্মসমর্পণ করেছেন বলেই জানা গিয়েছে। সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, মায়ানমারের একটি প্রশিক্ষণ কেন্দ্র থেকে নাগাল্যান্ডে প্রবেশ করেন জীবন। রাজ্যের মন জেলার নয়াবস্তিতে অসম রাইফেলসের কাছে তিনি আত্মসমর্পণ করেন।


উল্লেখ্য,গত মাসেই সংগঠনের তরফে জারি করা একটি ভিডিও বার্তায় দেখা গিয়েছিল কেএলও প্রধান জীবন সিংহকে। ভিডিও বার্তা প্রকাশ করে কেএলও নেতা তথা জীবন সিংহের ঘনিষ্ঠ বিশ্বজিৎ রায় জানিয়েছিলেন, তাঁরা ভারত সরকারের সঙ্গে আলোচনায় বসার জন্য জঙ্গল থেকে প্রকাশ্যে আসতে চলেছেন। কেএলও-র তরফে জারি করা ওই ভিডিওতে দেখা যায়, প্রাক্তন আলফা নেতা তথা শান্তি আলোচনায় অন্যতম মধ্যস্ততাকারী দিলীপ নারায়ণ দেবের সঙ্গে পাহাড়ি পথে হেঁটে চলেছেন জীবন সিংহ। তাঁর সঙ্গে রয়েছেন আরও কয়েকজন অনুগামী। কারও সঙ্গেই কোনও অস্ত্র নেই। ১৯৯৫ সাল থেকে পৃথক কামতাপুর রাজ্যের দাবিতে সশস্ত্র আন্দোলনের ডাক দেন জীবন সিংহ। তারপর থেকে বহু নাশকতামূলক ঘটনার সঙ্গে নাম জড়ায় কেএলও-র।

About Post Author