Home » ‘জীবনটাই অনলাইন করে দিতে চাইছে’, কেন্দ্রকে নিশানা মুখ্যমন্ত্রীর

‘জীবনটাই অনলাইন করে দিতে চাইছে’, কেন্দ্রকে নিশানা মুখ্যমন্ত্রীর

সময় কলকাতা ডেস্ক, ১৬ ফেব্রুয়ারি:  সামনেই পঞ্চায়েত ভোট। দিনক্ষণ ঘোষণা না হলেও রাজনৈতিক দলগুলি নিজেদের মতো করে প্রস্তুতি শুরু করে দিয়েছে। পিছিয়ে নেই শাসকদল তৃণমূল কংগ্রেসও। বর্তমানে মেদিনীপুরে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার তিনি মেদিনীপুরে প্রশাসনিক সভা করলেন। এই মঞ্চ থেকেই যেমন কেন্দ্রকে নিশানা করলেন, তেমনই তাঁর জনমোহিনী প্রকল্পগুলি সম্পর্কে সাধারণ মানুষকে অবগত করলেন।

এদিন তিনি মহিলাদের জন্য নির্দিষ্ট প্রকল্পগুলির সুফল বর্ণনা করেন। সম্প্রতি পেশ হওয়া রাজ্য বাজেটে লক্ষ্ণীর ভান্ডার নিয়ে বড় ঘোষণা করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। এদিন মেদিনীপুরে সেই প্রসঙ্গ টেনে মহিলাদের উদ্দেশ্যে বলেন, ‘আপনাদের ভবিষ্যৎ নিশ্চিত। সারা জীবন অন্তত হাতখরচটা পাবেন। খাওয়ার কথা ভাবতে হবে না। আপনাদের জন্য ফ্রি রেশন আছে, ছেলেমেয়েদের পড়াশোনার জন্য আমাদের একাধিক প্রকল্প আছে। বিনামূল্যে চিকিৎসার জন্য স্বাস্থ্যসাথী আছে। সুতরাং, আর ভাবনা নেই। মা, বোনেরা, আপনারা সরকারি সাহায্যটা আজীবন পাবেন’।

মেদিনীপুরে নিজের ভাষণে তুলে আনলেন ঘাটাল মাস্টারপ্ল্যান প্রসঙ্গ। কেন্দ্রীয় বঞ্চনার প্রসঙ্গ তুলে বলেন, কেন্দ্র টাকা না দিলে এই প্রকল্প বাস্তবায়িত করা সম্ভব নয়। রাজ্য থেকে খালি টাকা তুলে নিয়ে যাচ্ছে আর রাজ্যবাসীকে বঞ্চিত করছে। এত নতুন প্রকল্প হচ্ছে, বাড়তি টাকা কীভাবে আসবে, কেউ ভাবছে না। আমরা আমাদের সীমিত সাধ্য দিয়েই আপনাদের জন্য কাজ করে যাচ্ছি। ১০০ দিনের কাজে কেন্দ্রের টাকা না পাওয়া নিয়ে বলতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘১০০ দিনের কাজে গ্রামের মানুষকে আধার লিঙ্ক করতে বলছে অনলাইনে। জীবনটাই অনলাইন করে দিতে চাইছে এরা। সব গ্রামে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেই, এদিকে লিঙ্ক করতে বলছে। বিজেপি নেতাদের কথায় কেন্দ্র আমাদের কোনও টাকা দিচ্ছে না’। এদিন ৬৯৬ কোটি টাকার ৯৬টি প্রকল্প উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মেদিনীপুর থেকে তিনি পুরুলিয়ার উদ্দেশ্যে রওনা দেবেন বলেই জানা গিয়েছে।

About Post Author