Home » রাঘব বোয়ালদের খোঁজে এবার সিবিআই-এর নজরে কুন্তলের মোবাইল

রাঘব বোয়ালদের খোঁজে এবার সিবিআই-এর নজরে কুন্তলের মোবাইল

সময় কলকাতা ডেস্ক, ১৮ ফেব্রুয়ারি: শিক্ষক নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত কুন্তল ঘোষ গ্রেফতারির পর থেকেই উঠে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। নিয়োগ দুর্নীতির মামলার তদন্তে নেমে ইতিমধ্যেই কুন্তলের মোবাইল বাজেয়াপ্ত করেছে সিবিআই। যা তদন্তের স্বার্থে খুবই গুরুত্বপূর্ণ বলেই মনে করছেন তদন্তকারী আধিকারিকরা। অন্যদিকে,কুন্তলের বিরুদ্ধে লক্ষ লক্ষ টাকা আত্মসাতেরও প্রমাণ মিলেছে বলে জানিয়েছেন সিবিআই। কার্যত সেকারণেই শুক্রবার আলিপুর সিবিআই বিশেষ আদালতে কুন্তল ঘোষকে হেফাজতে নেওয়ার আবেদন জানায় সিবিআই। এদিন আদালত থেকে বেরনোর সময়ে কুন্তল বলেন, ‘ইডি সবকিছুর উপরে পর্দা দেওয়ার চেষ্টা করছে। তাপস মণ্ডলকে বাইরে রেখে তদন্ত প্রভাবিত করার চেষ্টা করছে ইডি।’


উল্লেখ্য,১৪ দিনের জেল হেফাজত শেষে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় শুক্রবার ফের নগর দায়রা আদালতে পেশ করা হয় যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষকে। এদিন আদালতে প্রবেশের সময় কুন্তল বলেন,‘আমার ১০০ কোটি টাকার সম্পত্তি, ১০০ কোটি টাকার গাড়ি,এই অভিযোগগুলো পুরোপুরি ভিত্তিহীন। যদি প্রমাণ হয় তাহলে সুইসাইড করবো।’ এদিকে,বৃহস্পতিবারই ইডি আধিকারিকরা প্রেসিডেন্সি জেলে গিয়ে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করেছে কুন্তলকে। ইতিমধ্যেই ২৫ জন এমন এজেন্টের নাম পাওয়া গেছে,যারা রাজ্যের বিভিন্ন জেলা থেকে একাধিক পরীক্ষার্থীর টাকা কুন্তল ঘোষকে দিয়েছেন। তাঁদের মধ্যে ৮ জনকে ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ করে বয়ান রেকর্ড করা হয়েছে।


জানা গিয়েছে,আপার প্রাইমারীর জন্য ৮ লাখ টাকা,প্রাইমারীর জন্য ৭ লাখ টাকা এজেন্ট দের থেকে নেওয়া হত। এজেন্টরা যেসব পরীক্ষার্থীদের নাম কুন্তলকে দিয়েছিল ডকুমেন্ট ভ্যারিফিকেশনের জন্য,তাঁদেরই মেরিট লিস্ট এ নাম তুলেছিল কুন্তল ঘোষ। কিন্তু, পড়ে সেই প্যানেলই হাইকোর্ট বাতিল করায় হাইকোর্ট থেকে সরাসরি সুবিধে পাইয়ে দেবার জন্য ১ থেকে ২ লাখ টাকা নেওয়া হয়েছিল পরীক্ষার্থীদের থেকে। এদিকে,বুধবারই ইডি আধিকারিকরা কোর্টে দাবি করেছে,পার্থ চট্টোপাধ্যায়কে ১০ লক্ষ টাকা দিয়েছিলেন কুন্তল ঘোষ। এমনকী মানিক ভট্টাচার্যকেও কোটি কোটি টাকা দিয়েছিল কুন্তল। যদিও ইডি-র এই দাবি পুরোপুরি অস্বীকার করেছেন পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী। এ বিষয়ে পার্থর আইনজীবী আদালতে বলেন, ‘কুন্তল আমার মক্কেলকে আদেও টাকা দিয়েছিল কিনা? আপনারা কি দেখেছেন? যা ইচ্ছা বলে দিলেই হল?’ অন্যদিকে,তাপস মন্ডল দাবি করেছেন কুন্তল কে তিনি ১৯ কোটি টাকা দিয়েছেন।

About Post Author