সময় কলকাতা ডেস্ক, ১৯ ফেব্রুয়ারি: বকেয়া মহার্ঘ ভাতা বা ডিএ-র দাবিতে রাজ্য সরকারি কর্মচারীরা আগামী সোমবার এবং মঙ্গলবার কর্মবিরতির ডাক দিয়েছে। এর পরিপ্রেক্ষিতে কড়া নির্দেশিকা জারি করেছে নবান্ন। শনিবার জারি করা ওই নির্দেশিকায় নবান্ন জানিয়ে দিয়েছে ওই দুই দিন যে সমস্ত কর্মী অফিসে অনুপস্থিত থাকবেন তাঁদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে।এমনকি তাঁদের শো-কজও করা হতে পারে।

রাজ্য সরকারের অর্থ দফতরের জারি করা ওই নির্দেশিকায় বলা হয়েছে, যদি আগামী সোম ও মঙ্গলবার কোনও কর্মী কাজে যোগ না দেন তাহলে তাঁর কর্মজীবন থেকে একদিন বাদ যাবে। তবে কেউ গুরুতর অসুস্থ হলে, বা হাসপাতালে ভর্তি থাকলে বা পরিবারের কেউ মারা গেলে ছাড় মিলবে। তাঁদের অবশ্যই উপযুক্ত প্রমান দেখাতে হবে। যদিও নবান্নের এই নির্দেশিকা আসার পর কর্মচারী সংগঠনের যৌথ মঞ্চ পাল্টা হুঙ্কার দিয়েছে।

বকেয়া ডিএ-র দাবিতে এর আগে দফায় দফায় ২ ঘণ্টার বা একদিনের প্রতীকী কর্মবিরতি পালন করেছেন রাজ্য সরকারি কর্মচারীরা। তবুও আদায় করা যায়নি হকের ডিএ। এবার তাই টানা ২ দিনের কর্মবিরতির ডাক দেওয়া হয়েছে। কিন্তু নবান্ন কড়া নির্দেশিকা জারি করায় চাপে পড়লেন তাঁরা। যদিও আন্দোলনকারী সংগঠন কনফেডারেশনের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় সংবাদমাধ্যমকে জানান, গগনচুম্বী ডিএ বঞ্চনার শিকার তাঁরা। তবুও রাজ্য সরকার হাত গুটিয়ে বসে আছে। কর্মীরা প্রায় ২২ দিন ধরে অবস্থান বিক্ষোভ করছেন। তবে সরকার একবারও তাঁদের ডেকে কথা বলার প্রয়োজন মনে করেনি। সরকার আসলে ভয় পাচ্ছে যাতে, কোনও ভাবেই এই আন্দোলন বড় আকার ধারণ না করতে পারে। সেই কারণেই এই ধরনের রাষ্ট্রীয় সন্ত্রাসের দেখা মিলল। আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের হুমকিও দিয়ে রাখছে সরকারি কর্মচারী সংগঠনগুলি।


More Stories
নেতাজি ইস্যু : অনন্ত মহারাজকে উন্মাদ আখ্যা দিলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত!
“তাড়া” খেয়ে রাতারাতি সিতাই ছাড়লেন বসুনিয়া দম্পতি
স্যুটকেশ রহস্য! দিলীপ একসূত্রে বাঁধলেন “আম্মা” ও অভিষেককে