সময় কলকাতা ডেস্ক, ১৯ ফেব্রুয়ারি:রবিবার সকাল থেকেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামানিকের বাড়ি ঘোরাও কর্মসূচি পালন করছে তৃণমূল কংগ্রেস। এদিন সকাল ১০টা থেকে শুরু হয়েছে ঘেরাও, চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। বিজেপি সাংসদের বাড়ির সামনে এই কর্মসূচি ঘিরে তৈরি হতে পারে উত্তেজনা। ফলে প্রস্তুত কোচবিহার পুলিশ ও প্রশাসন। নিশীথ প্রামানিকের বাড়ির সামনে জারি হয়েছে ১৪৪ ধারা। তাঁর বাড়িতে মোতায়েন হয়েছে পর্যাপ্ত পুলিশবাহিনী ও র্যাফ।
উল্লেখ্য, সম্প্রতি কোচবিহার সফরে এসে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এই কর্মসূচি ঘোষণা করেছিলেন। বিএসএফের গুলিতে স্থানীয় এক যুবকের মৃত্যুর জন্য তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং তাঁর ডেপুটি নিশীথ প্রামানিককে দায়ি করেছিলেন। এরই প্রতিবাদে তৃণমূল কর্মীদের দিনহাটার ভেটাগুড়ি এলাকায় নিশীথের বাড়ি ঘেরাওয়ের নির্দেশ দিয়েছিলেন অভিষেক।
তৃণমূলের এই কর্মসূচি ঘিরে এলাকায় তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। ভেটাগুড়ি এলাকায় নিশীথের বাড়ি কার্যত ঘিরে রেখেছে পুলিশ। নিশীথের বাড়ির সামনের রাস্তায় তৈরি হয়েছে ব্যারিকেড। সেই গলিতে জারি করা হয়েছে ১৪৪ ধারা। পাশাপাশি ভেটাগুড়ির বিভিন্ন রাস্তাতেও পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। কোচবিহারের অতিরিক্ত পুলিশ সুপার কুমারসানি রাজ জানিয়েছেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর বাড়ির সামনে ১৪৪ ধারা জারির পাশাপাশি এলাকার বিভিন্ন রাস্তায় ব্যারিকেড করা হয়েছে। এলাকায় চলছে ড্রোন নজরদারি। তিনি আরও জানান, প্রায় ৫০০ পুলিশকর্মী ও র্যাফ মোতায়েন করা হয়েছে।
এদিন সকাল থেকেই তৃণমূল কর্মী-সমর্থকরা জড়ো হয়েছেন নিশীথ প্রামানিকের বাড়ির সামনে। চলছে অবস্থান বিক্ষোভ। কারণ, তৃণমূল নেতারা এই কর্মসূচিকে মুখে ঘেরাও বললে, ঘটনাস্থলে ব্যানার দেওয়া হয়েছে অবস্থান বিক্ষোভ। এই কর্মসূচিকে কটাক্ষ করে বিজেপির কোচবিহার জেলা সভাপতি সুকুমার রায় বলেন, এই আন্দোলন পুরোপুরি ফ্লপ। ক্ষমতা থাকলে দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর বাড়ি ঘেরাও করুক তৃণমূল।
More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
আরেক অভিনেতা প্রণবের অকালপ্রয়াণ
কেন ফুল বদলালেন লিয়েন্ডার পেজ?