Home » অ্যাডিনোভাইরাসে ফের প্রাণহানি কলকাতায়, পার্ক সার্কাসে মৃত্যু আড়াই বছরের শিশুর

অ্যাডিনোভাইরাসে ফের প্রাণহানি কলকাতায়, পার্ক সার্কাসে মৃত্যু আড়াই বছরের শিশুর

সময় কলকাতা ডেস্ক, ১৯ ফেব্রুয়ারি:  অ্যাডিনোভাইরাসের আতঙ্কে কাঁপছে কলকাতা। করোনা ভাইরাসের পর এই নতুন আতঙ্ক নিয়ে অবশ্য রাজ্যের স্বাস্থ্য দফতর সতর্ক থাকার আবেদন করেছেন রাজ্যবাসীকে। কিন্তু তবুও ঠেকানো গেল না প্রাণহানির ঘটনা। পার্ক সার্কাসের বি সি রায় শিশু হাসপাতালে রবিবার মৃত্যু হল এক আড়াই বছরের শিশুর। জ্বর, সর্দি-কাশি নিয়ে বিগত ১০ দিন ধরে চিকিৎসাধীন ছিল শিশুটি। এরমধ্যে গত সাতদিন ভেন্টিলেশনে ছিল সে।

সূত্রের খবর, ওই হাসপাতালে আরও ১০টি শিশু ভেন্টিলেশনে রয়েছে। এর আগে জ্বর ও সর্দি-কাশি নিয়ে ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহে এক পাঁচ বছরের শিশুর মৃত্যু হয়েছিল লেকটাউনে। ফলে পরিস্থিতি ভয়াবহ। কলকাতার পাশাপাশি জেলাগুলিতেও অ্যাডিনোভাইরাস মাথাচাড়া দিয়েছে। জেলা হাসপাতালগুলির শিশু বিভাগে রোগীর ভিড়ে উপচে পড়ছে। আইসিইউ ও এসএনসিইউগুলিতে ঠাঁইনেই অবস্থা।

এরমধ্যেই রাজ্যের স্বাস্থ্য দফতর এক নির্দেশিকা জারি করে রাজ্যবাসীকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে। ওই নির্দেশিকায় বলা হয়েছে, কোনও শিশুর যদি জ্বর ও সর্দি-কাশি থাকে তবে তাঁকে স্কুলে না পাঠানো উচিৎ। পাশাপাশি মাস্ক ব্যবহারেরও পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া জ্বর ও সর্দির সঙ্গে যদি শ্বাসকষ্ট হয় তবে দ্রুত তাঁকে হাসপাতালে ভর্তি করানো প্রয়োজন বলেও জানানো হয়েছে।

About Post Author