Home » একধাক্কায় অনুব্রতর ওজন কমল ৯ কেজি

একধাক্কায় অনুব্রতর ওজন কমল ৯ কেজি

সময় কলকাতা ডেস্ক,২০ ফেব্রুয়ারিঃ সোমবার আসানসোল সংশোধনাগার থেকে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয় অনুব্রত মণ্ডলকে। সংশোধনাগার থেকে হাসপাতালে যাওয়ার পথে সাংবাদিদের প্রশ্নের উত্তরে অনুব্রত মণ্ডল বলেন, তার শরীর ভালো নেই। হাসপাতলে চিকিৎসা করানোর পর চিকিৎসকদের তরফে জানানো হয়, অনুব্রতর ওজন কমে ৯১ কেজি হয়েছে। প্রেশার, সুগার সহ আপাতত কোনো সমস্যা নেই। ফিশচুলারও কোনো সমস্যা নেই। তিনি যে সমস্ত ওষুধ খেতেন সেই ওষুধগুলিই খাবেন। এই মুহূর্তে প্রেশার আছে ১৩০/৮০, সুগারের মাত্রা ১১১, রক্তে অক্সিজেনের মাত্রা ৯৯। প্রয়োজনে এমার্জেন্সিতে আসতে বলা হয়েছে, বলে জানান চিকিৎসক উত্তম কুমার রায়।
আসানসোল জেলা হাসপাতালে সুপার না থাকায় এদিন সুপারের দায়িত্ব পালন করেছিলেন চিকিৎসক উত্তম কুমার রায়। উত্তম কুমার রায়ের তত্ত্বাবধানে চিকিৎসক শুভজিৎ দত্ত, স্মরণ হেমব্রম, জয়ন্ত গঙ্গোপাধ্যায় এদিন তৃণমূল নেতাকে পরীক্ষা করেন। জেলা হাসপাতাল চত্বরে ছিল কড়া পুলিশি নিরাপত্তা। প্রায় ১ ঘন্টা পর আবারও আসানসোল বিশেষ সংশোধনারে ফিরে যান অনুব্রত মণ্ডল।


উল্লেখ্য,১৭ ফেব্রুয়ারি গরুপাচার মামলায় ফের ১৪ দিনের জেল হেফাজত হয় বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলের। অনুব্রতর আইনজীবী নতুন করে জামিনের আবেদন না করায় আসানসোলের সিবিআইয়ের বিশেষ আদালত তাঁকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে। সূত্রের খবর,আগামী ৩ মার্চ এই মামলার পরবর্তী শুনানি। একইসঙ্গে ওইদিন অনুব্রতর দেহরক্ষী সায়গল হোসেন তিহার জেলে থেকে ভার্চুয়াল শুনানিতে যোগ দেয়। এদিকে,বৃহস্পতিবারই আসানসোল বিশেষ সংশোধনাগারে প্রায় এক ঘণ্টা অনুব্রতকে জেরা করেন তদন্তকারী অফিসারেরা।

তবে,অনুব্রত ওইদিন স্বভাবসিদ্ধভাবে একাধিক প্রশ্ন এড়িয়ে গিয়েছেন বলেই সূত্রের খবর। জানা গিয়েছে,প্রথমে ১৭৭ ও পরে ৫৪ টি বেনামি অ্যাকাউন্টের পর ৩ ফেব্রুয়ারি নতুন করে ১১৫ টি অ্যাকাউন্টের নথি জমা করেছিল সিবিআই। এই অ্যাকাউন্টগুলি বাফার অ্যাকাউন্ট হিসাবে ব্যবহার করার হদিশ পাওয়া গিয়েছে। ১১৫ টি বাফার ব্যাঙ্কের অ্যাকাউন্টগুলির সঙ্গে কেষ্ট মন্ডলের কী যোগ রয়েছে, সেটাই জানতে চাইছেন তদন্তকারীরা। এখনও পর্যন্ত ১৬ জনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। জানা গিয়েছে, অ্যাকাউন্টগুলি ওই ১৬ জনের খোলা নয় এবং টাকাও তাঁদের নয়। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের চাপে এই কাজ ব্যাঙ্ক ম্যানেজার করেছেন বলে আদালতে জানিয়েছেন সিবিআইয়ের আইনজীবী।

About Post Author