সময় কলকাতা ডেস্ক, ২১ ফেব্রুয়ারি: আগামী ২৩ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা। পড়ুয়াদের জীবনে সবচেয়ে বড় পরীক্ষার শুরুর দিনই পাহাড়ে ঘনাচ্ছে আশঙ্কার কালো ছায়া। কারণ আগামী সোমবার অর্থাৎ মাধ্যমিক পরীক্ষা শুরুর দিনই দার্জিলিংয়ে ১২ ঘণ্টার বনধ ডেকেছে বিনয় তামাং ও অজয় এডওয়ার্ডরা। মাধ্যমিক শুরুর দিনই এই বনধ ঘিরে অশান্তির আশঙ্কা তৈরি হয়েছে।

গোর্খাল্যান্ডের দাবির পাশাপাশি, বিধানসভায় সোমবার হওয়া বঙ্গভঙ্গ বিরোধী প্রস্তাবের বিরোধিতাও করছেন বিনয়রা। এরই প্রতিবাদে আগামী সোমবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত পাহাড়ের মানুষজনদের বাড়ির বাইরে বের হতে নিষেধ করেছেন তাঁরা। যদিও এই বনধ কর্মসূচিতে মাধ্যমিক পরীক্ষার্থীদের কোনও অসুবিধা হবে না বলেই দাবি করেছেন বিনয় তামাংরা।

সোমবার রাজ্য বিধানসভায় বঙ্গভঙ্গ বিরোধী প্রস্তাব পাশ হয়েছে। অপরদিকে, বিনয় তামাং, অজয় এডওয়ার্ডদের গোর্খাল্যান্ডের দাবি দীর্ঘদিনের। এই দাবিকে সামনে রেখেই তাঁরা আগামী সোমবার পাহাড় অচল করার কর্মসূচি নিয়েছে। মাধ্যমিক পরীক্ষা চলবে দুপুর ১২টা থেকে দুপুর ৩টে পর্যন্ত। কিন্তু বনধ চললে পরীক্ষার্থীদের পরীক্ষাকেন্দ্রে পৌঁছনোর অসুবিধা হবে বলেই মনে করছেন অভিভাবকরা। চিন্তায় পড়ুয়ারাও। মধ্যশিক্ষা পর্ষদের সূত্র থেকে জানা যাচ্ছে, এ বছর পাহাড়ে মাধ্যমিক পরীক্ষা দেবে প্রায় ৯ হাজারের কাছাকাছি পরীক্ষার্থী। যদিও জানা যাচ্ছে, পর্ষদ সভাপতি গৌতম পাল বনধ ডাকা নিয়ে ফোনে কথা বলেছেন বিনয় তামাংয়ের সঙ্গে। পর্ষদ সভাপতিকে বিনয় তামাং আশ্বাস দিয়েছেন পরীক্ষার জন্য ব্যবহৃত গাড়িগুলিকে ছাড় দেওয়া হবে।


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
আরেক অভিনেতা প্রণবের অকালপ্রয়াণ
কেন ফুল বদলালেন লিয়েন্ডার পেজ?