Home » প্রকাশ্যে ‘ইন্দুবালা ভাতের হোটেল’-এর ট্রেলার

প্রকাশ্যে ‘ইন্দুবালা ভাতের হোটেল’-এর ট্রেলার

সময় কলকাতা ডেস্ক,২১ ফেব্রুয়ারিঃ ৮ মার্চ অর্থাৎ আন্তর্জাতিক নারী দিবসে মুক্তি পেতে চলেছে পরিচালক দেবালয় ভট্টাচার্যের ওয়েব সিরিজ ‘ইন্দুবালা ভাতের হোটেল’। ইতিমধ্যেই এই ওয়েব সিরিজের ট্রেলার প্রকাশ্যে এসেছে। যেখানে গ্রাম বাংলার নানান প্রাকৃতিক দৃশ্য ফুটে উঠেছে। পাশাপাশি দেশভাগ, ৭০ দশকের নকশালবাড়ি আন্দোলন, বাংলাদেশের মুক্তিযুদ্ধের কথা উঠে এসেছে ট্রেলারে।


কিছুদিন আগেই ইনস্টাগ্রামে ‘ইন্দুবালা ভাতের হোটেল’ ওয়েব সিরিজের লুক শেয়ার করেছিলেন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। মাথার চুল সব সাদা, চোখে চশমা, চামড়া কুঁচকে গিয়েছে। একেবারে বিধবা বৃদ্ধার বেশে শুভশ্রী। শুভশ্রীর এই লুকের পিছনে রয়েছে মেকআপ আর্টিস্ট সোমনাথ কুণ্ডুর ম্যাজিক। অভিনেত্রীর এই লুক দেখে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা। এমনকীল টলিউডের অন্যান্য তারকারাও অভিনেত্রীর এই রূপ দেখে চমকে গিয়েছেন। অনেকেই বলছেন, আরও একটা মাস্টারপিস আসতে চলেছে। হইচই-তে ওয়েব সিরিজে দেবালয় ভট্টাচার্যের হাট ধরে এই প্রথমবার অভিনয় করলেন শুভশ্রী। হইচই-এর ওয়েব প্ল্যাটফর্মে ইতিমধ্যেই ২৫টি নতুন সিরিজ, সিনেমার অ্যানাউন্সমেন্ট করা হয়েছে। সিরিজ, সিনেমার পোস্টারও রিলিজ করা হয়েছে। এবার সেই তালিকায় ব্যোমকেশ, ফেলুদা, একেনবাবুর পাশাপাশি জায়গা করে নিয়েছে ‘ইন্দুবালা ভাতের হোটেল’। গত বছর জুলাই মাসেই কলকাতা ও বাংলাদেশে এই সিরিজের শুটিং শুরু হয়েছিল।

কল্লোল লাহিড়ীর ‘ইন্দুবালা ভাতের হোটেল’ উপন্যাসই সিরিজ হিসেবে নিয়ে আসছেন পরিচালক দেবালয় ভট্টাচার্য। জানা গিয়েছে, পর্দায় ইন্দুবালার ১৬ থেকে ৭৫ বছর বয়স দেখানো হবে। ১৬ বছরের ইন্দু হবেন পারিজাত চৌধুরী। আর ২৫ থেকে ৭৫ পর্যন্ত বয়সে দেখা যাবে শুভশ্রীকে। এই সিরিজে অভিনেত্রী দুই সন্তানের বিধবা মা। পূর্ববঙ্গের মেয়ে পরে পশ্চিমবঙ্গের বাসিন্দা হবেন। সংসার, সন্তানপালনের জন্যই ভাতের হোটেল খুলবেন ইন্দুবালা। তার জীবনের গল্পকেই তুলে ধরা হবে এই ওয়েব সিরিজে। দীর্ঘ বিরতির পর এসভিএফ এর সঙ্গে এটাই হতে চলেছে শুভশ্রীর প্রথম কাজ। ইন্দুবালার চরিত্রে শুভশ্রীকে দেখার জন্য খুবই উৎসাহিত দর্শকরা। ছবিতে শুভশ্রীকে দেখা যাবে আসমা খানের ভূমিকায়। তাঁর স্বামীর ভূমিকায় অভিনয় করবেন পরমব্রত চট্টোপাধ্যায়। এছাড়াও ছবিতে অভিনয় করবেন সোহমও। এছাড়া অনসূয়া মজুমদারকে শুভশ্রীর শাশুড়ির চরিত্রে দেখা যাবে।

About Post Author