Home » বানিয়ে ফেলুন অতি সুস্বাদু টক ঝাল আচারি পমফ্রেট

বানিয়ে ফেলুন অতি সুস্বাদু টক ঝাল আচারি পমফ্রেট

সময় কলকাতা ডেস্ক, ২২ ফেব্রুয়ারি: মাছ বরাবরই বাঙালির খুব প্রিয়। মাছ খেতে ভালবাসেন না এমন বাঙালি বোধহয় খুব কমই দেখা যায়। পাতুরি হোক বা ফিশ ফ্রাই-নানা ভাবেই বাঙালির মন জয় করেছে মাছ। বাজারে এখন ভালো পমফ্রেট পাওয়া যাচ্ছে। তার স্বাদ চেটেপুটে নিতে খুব সামান্য কিছু উপকরণ দিয়েই বাড়িতেই বানিয়ে ফেলুন টক ঝাল আচারি পমফ্রেট। আপনার জন্য রইল খুব সহজ একটি রেসিপি-

উপকরণ

পমফ্রেট মাছ: ৩ টি
গোলমরিচ:১ চা চামচ
লঙ্কা গুঁড়ো:স্বাদ মতো
জিরে গুঁড়ো:১ চা চামচ
সাদা তেল:২০০ গ্রাম
হলুদ:১ চা চামচ
তেঁতুলের ক্বাথ:১ চা চামচ
লেবুর রস:১ চা চামচ
অ্যারারুট:৫০ গ্রাম
নুন: পরিমাণ মতো

রন্ধন পদ্ধতি

প্রথমেই গোটা পমফ্রেট মাছের গায়ে ছুড়ি দিয়ে চিড়ে নিন। মাছগুলি ভাল করে ধুয়ে অল্প নুন ও লেবু মাখিয়ে আধঘণ্টা ম্যারিনেট করে রাখুন। আধ ঘণ্টা ম্যারিনেশনের পর ফের জল দিয়ে মাছগুলি ধুয়ে নিন। এবার মাছে গোলমরিচ গুঁড়ো, হলুদ, নুন, লঙ্কাগুঁড়ো, তেঁতুলের টক, জিরে গুঁড়ো ও তেল দিয়ে মাখিয়ে রাখুন মিনিট পাঁচেক। এরপর মাছের গায়ে সব মশলা ভাল করে ঢুকে যাওয়ার জন্য এক থেকে দেড় ঘন্টা ফ্রিজে রেখে দিন। একঘন্টা পর মশলা মাখা মাছে অ্যারারুট মাখিয়ে ডুবো তেলে ভেজে নিন। ভাজা হয়ে গেলে উপর থেকে লেবুর রস, চাটমশলা ও স্যালাড দিয়ে গরম গরম পরিবেশন করুন টক ঝাল আচারি পমফ্রেট।

About Post Author