Home » বঙ্গ থেকে উধাও শীত, বাড়ছে তাপমাত্রার পারদ

বঙ্গ থেকে উধাও শীত, বাড়ছে তাপমাত্রার পারদ

সময় কলকাতা ডেস্ক,২২ ফেব্রুয়ারিঃ ক্রমশ পাল্লা দিয়ে বাড়তে শুরু করেছে দিন ও রাতের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রার পারদ।  সকালের দিকে হালকা কুয়াশা থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরিষ্কার হচ্ছে আকাশ।  পারদের ওঠানামায় রাজ্যবাসীর প্রাণ ওষ্ঠাগত। আপাতত দক্ষিণবঙ্গে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।  তবে, উপকূল এবং বাংলাদেশ লাগোয়া জেলাগুলিতে আংশিক মেঘলা আকাশ থাকবে। হাওয়া অফিস সূত্রে খবর,ফেব্রুয়ারির শেষের দিকেই রাজ্যে তাপমাত্রা বেড়ে ৩৫ থেকে ৩৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। মার্চেও ভ্যাপসা গরম পড়বে রাজ্যে। তাপমাত্রা পৌঁছে যাবে ৪০ ডিগ্রি সেলসিয়াসে।

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, দক্ষিণবঙ্গের প্রায় প্রতিটি জেলায় মেঘমুক্ত পরিষ্কার আকাশ থাকবে।  সকালের দিকে আকাশ আংশিক মেঘলা থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই পরিষ্কার হবে আকাশ। সেইসঙ্গে বাড়বে গরমও। আজ কলকাতায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা ২৩ ডিগ্রি সেলসিয়াস। সোমবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৪ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলিয় বাষ্পের পরিমাণ থাকবে ৫২ থেকে ৯৪ শতাংশ।

পূর্বাভাস বলছে,দার্জিলিং এবং কালিম্পঙে বৃহস্পতিবার পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে। মঙ্গলবার পর্যন্ত জম্মু-কাশ্মীর, লাদাখ, উত্তরাখণ্ড এবং হিমাচলপ্রদেশে বৃষ্টি এবং তুষারপাতের সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে মোজাফফরাবাদ, হিমাচলপ্রদেশ এবং উত্তরাখণ্ডের বেশ কিছু এলাকায়। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতেও।

About Post Author