সময় কলকাতা ডেস্ক, ২৫ ফেব্রুয়ারি: ৬ সদস্যের স্থায়ী কমিটির নির্বাচনকে কেন্দ্র করে কাউন্সিলরদের মধ্যে সংঘর্ষের ঘটনায় রণক্ষেত্র দিল্লি পুরসভা। শুক্রবার দিল্লি পুরসভার স্থায়ী কমিটির ভোট ছিল। যা নিয়ে বিজেপি ও আমি আদমি পার্টির (আপ) কাউন্সিলরদের মধ্যে বিবাদ তৈরি হয়। যা পরে হাতাহাতিতে পরিণত হয়। এমনকি আপ নেত্রী তথা মেয়র শেলি ওবেরয়কে মারধর করা হয়েছে বলেও অভিযোগ উঠেছে।

পুর আইন অনুযায়ী, কোনও পুরসভায় মেয়র বা চেয়ারম্যান নির্বাচনের পর স্থায়ী কমিটি গঠন করতে হয়। সেই আইন মেনেই শুক্রবার ৬ সদস্যের ওই কমিটি তৈরির জন্য ভোটাভুটি হয়। দিল্লি পুরসভার ২৫০ জন কাউন্সিরের মধ্যে ২৪২ জন ভোট দেন। কিন্তু শনিবার গণনা শুরু হতেই সমস্যার সূত্রপাত। দুই দলের কাউন্সিলরদের বিবাদে অশান্ত হয়ে ওঠে অধিবেশন কক্ষ। অভিযোগ, বিজেপি ও আপ কাউন্সিলররা একে অপরের গায়ে জলের বোতল ও ফল ছুড়ে মারেন। উলটে দেওয়া হয় ব্যালট বাক্স। এরপরই অধিবেশন কক্ষের ভিতর শুরু হয় মারামারি। দিল্লির মেয়র শেলি ওবেরয়কে হেনস্থা করার অভিযোগও উঠেছে।

জানা যাচ্ছে এই স্থায়ী কমিটির নির্বাচনে অশান্তির সূত্রপাত আপ নেত্রী তথা মেয়র শেলি ওবেরয়ের একটি সিদ্ধান্তকে কেন্দ্র করে। কমিটি নির্বাচনের একটি ভোটকে অবৈধ বলে ঘোষণা করেন তিনি। শুধু তাই নয়, ভোটের পুনর্গণনা হবে না বলেও ঘোষণা করেন শেলি। এরপরই বিজেপি কাউন্সিলররা এর প্রতিবাদ করেন। তারপরই শুরু হয় অশান্তি।


More Stories
আক্রান্ত হলেন ককরোচ পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে
ভারতে তেলের দাম কি কমছে?
আইনি জটিলতা কাটাতে এনসিপিআই-এ মিশে গেলেন বিদ্রোহী তৃণমূল সাংসদরা