Home » মার্চ থেকেই নতুন হারে ডিএ পাবেন সরকারি কর্মচারীরা

মার্চ থেকেই নতুন হারে ডিএ পাবেন সরকারি কর্মচারীরা

সময় কলকাতা ডেস্ক,২৫ ফেব্রুয়ারিঃ আগামী ১ মার্চ মাস থেকেই নতুন হারে মহার্ঘ ভাতা পাবেন পশ্চিমবঙ্গ সরকারের সমস্ত কর্মী থেকে শুরু করে পেনশনভোগীরা। শুক্রবার একটি বিজ্ঞপ্তি দিয়ে এমনটাই জানাল নবান্ন। নবান্ন সূত্রে জানা গিয়েছে, মার্চ মাস থেকে সরকারি সমস্ত কর্মী ও পেনশনভোগীরা মূল বা বেসিক বেতনের উপর ৬ শতাংশ হারে মহার্ঘ ভাতা পাবেন বলেই বিজ্ঞপ্তি দিয়েছে অর্থ দফতর। ষষ্ঠ পে কমিশন অনুযায়ী,২০২১ সালেই সরকারি কর্মীদের ৩ শতাংশ ডিএ বাড়ানো হয়। এবার আরও ৩ শতাংশ ডিএ বাড়ানো হল এবং আগের ডিএ-র সঙ্গে মিলিয়েই সরকারি কর্মী ও পেনশনভোগীরা মোট ৬ শতাংশ ডিএ পাবেন। এদিন রাজ্যের সব সরকারি দফতরে এই বিজ্ঞপ্তি পাঠানো হয়েছে।


গত ১৫ জানুয়ারি বাজেট অধিবেশনের দিন ৩ শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণা করেছিলেন রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। সেই ঘোষণা মতো এদিন নোটিফিকেশন জারি করে অর্থ দফতর। যদিও শুক্রবার নবান্নের বিজ্ঞপ্তি জারির পরেও খুশি নন রাজ্য সরকারের কর্মচারীরা। কেন্দ্রীয় হারে ডিএ-র দাবিতে ২১ ও ২২ ফেব্রুয়ারি রাজ্য জুড়ে দু’দিনের ‘পেন ডাউন’ পালন করেছেন তাঁরা। এদিকে,দেশের শীর্ষ আদালতে ১৫ মার্চ ডিএ মামলা নিয়ে শুনানি রয়েছে। সেই শুনানির আগে ডিএ নিয়ে কোনও মন্তব্য করতে চাইছে না তৃণমূল সরকারি কর্মচারী ফেডারেশন। তবে বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির দাবি, সরকারের পে-রোল পোর্টালে ডিএ প্রত্যাখ্যান করার সুযোগ দেওয়া হোক। আন্দোলনকারীরা এখন সুপ্রিম কোর্টের রায়ের দিকেই তাকিয়ে। তাঁদের আশা, হাইকোর্টের মতো সুপ্রিম কোর্টের বিচারপতিরাও তাঁদের পক্ষেই রায় দেবেন।


উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই বকেয়া ডিএ-র দাবিতে আন্দোলন করছে সরকারি কর্মীদের একাংশ। সংগ্রামী যৌথ মঞ্চ সম্প্রতি ৪৮ ঘণ্টার কর্মবিরতির ডাক দেন। আগামী ১০ মার্চ ধর্মঘটেরও ডাকও দেওয়া হয়েছে। বৃহস্পতিবারই এই নিয়ে মুখ্যসচিবকে চিঠি দিয়েছেন আন্দোলনকারীরা।

About Post Author