সময় কলকাতা ডেস্ক,২৭ ফেব্রুয়ারিঃ শনিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের গাড়ি ঘিরে হামলার অভিযোগ উঠেছিল দিনহাটায়। ২৪ ঘণ্টা পড়ে সেই ঘটনাকে ‘শোচনীয়’ বলে বর্ণনা করে এবার কড়া বিবৃতি দিল রাজভবন। বিবৃতিতে জানানো হয়, বাংলায় এই হামলা উদ্বেগজনক ঘটনা। রাজ্যপাল সিভি আনন্দ বোস প্রশ্ন তুলেছেন রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে। তিনি জানান, তদন্তের পাশাপাশি নিশীথ প্রামাণিকের সঙ্গে কথাও বলেছেন। এমনকী, দিনহাটার ঘটনায় প্রশাসন কী কী ব্যবস্থা নিয়েছে, তা জানতে চেয়ে নবান্নের কাছে রিপোর্টও তলব করেছেন আনন্দ।

রাজভবনের বিবৃতিতে লেখা হয়েছে, ‘যাঁদের হাতে দায়িত্ব রয়েছে, তাঁদের সংবিধানের গুরুত্ব তুলে ধরতে হবে। বাংলা চায়, প্রত্যেক পুলিশ বা প্রশাসনিক কর্তা, তাঁরা যে দায়িত্বেই থাকুন, তাঁরা ভয় না পেয়ে এবং পক্ষপাত না করে দায়িত্ব পালন করুন।’ রাজ্যপাল এ-ও লেখেন, রাজ্যে আইন-শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে কোনও কিছুর সঙ্গেই আপস করা হবে না।

উল্লেখ্য, তৃণমূল ও বিজেপির সংঘর্ষে শনিবার দুপুরে রণক্ষেত্রের চেহারা নেয় কোচবিহারের দিনহাটার বুড়িরহাট বাজার। গুলি, বোমাবাজি, পাথর বৃষ্টি কিছুই বাদ যায়নি। কেন্দ্রীয় স্বরাষ্ট্র রাষ্ট্রমন্ত্রী নিশীথ প্রামাণিকের গাড়ি ঘিরে বিক্ষোভ থেকে ঘটনার সূত্রপাত। তাঁর কনভয়ে হামলা চলেছে বলেও অভিযোগ। পাল্টা বুড়িরহাট বাজারে তৃণমূলের একটি পার্টি অফিসে হামলা চালায় বিজেপি সমর্থকরা। অন্যদিকে বিজেপিই প্রথমে হামলা চালায় বলে পাল্টা অভিযোগ করেন রাজ্যের মন্ত্রী উদয়ন গুহ। রাজ্যে ৩৫৫ ধারা জারির দাবি তোলে রাজ্য বিজেপি। রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার থেকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সরব হন।


More Stories
শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার জয়প্রকাশ
বিরোধী দলনেতার স্বীকৃতি তৃণমূল থেকে বহিস্কৃত ঋতব্রতকে
অভিষেকের দুয়ারে ইডি