সময় কলকাতা ডেস্ক,২৮ জানুয়ারিঃ ঋতুস্রাবের কারণে মাসের নির্দিষ্ট কয়েকটি দিন প্রত্যেক প্রাপ্ত বয়স্ক নারীকেই কিছুটা শারীরিক ও মানসিক সমস্যার মধ্য দিয়ে যেতে হয়। এইসময় অতিরিক্ত ধকল পড়ে শরীরের উপর। এমনকি পেটে ব্যাথায় জর্জরিত হতে হয় অনেক নারীকেই। এই সময় প্রত্যেক নারীকেই এমন কিছু খাবার খেতে হবে যা শরীরে অতিরিক্ত পুষ্টির জোগান দেবে।

আয়রন সমৃদ্ধ খাবারঃ
এই সময় এমন কিছু খাবার খেতে হবে যা শরীরে প্রচুর পরিমাণে আয়রনের জোগান দেবে। তাই আপনি এই সময় মাছ, মাংস, ডিম, কচু শাক, পুঁই শাক, ডাটা শাক, ফুলকপির পাতা, ছোলা শাক, ধনে পাতা, তরমুজ, কালো জাম, খেজুর, পাকা তেঁতুল ও আমড়া খেতে পারেন। এই খাবারগুলি শরীরে আয়রনের ঘাটতি পূরণ করবে।
টক দই
টক দই-এ রয়েছে প্রচুর পরিমাণ ক্যালশিয়াম ও প্রোটিন। টক দই খেলে পেশিতে টান লাগার সমস্যা কিছুটা কম হতে পারে। শুধু ঋতুস্রাব চলাকালীনই নয়, ঋতুস্রাবের হওয়ার আগেও নানা শারীরিক সমস্যার সহায়তা করতে পারে টক দই।

বাদাম ও বীজ
যেসব বাদাম ও শস্যবীজে ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড রয়েছে সেগুলিও কাজে আসতে পারে ঋতুস্রাবের সময়। চাইলে আপনি টক দইয়ের সঙ্গে বাদাম ও শুকনো ফল মিশিয়েও খেতে পারেন।
কলা
কলায় ভাল পরিমাণে ভিটামিন বি ৬ ও পটাশিয়াম রয়েছে। তাই দেহে খনিজ পদার্থের ভারসাম্য বজায় রাখতে ও শরীর সুস্থ রাখতে কলা অত্যন্ত উপযোগী। ঋতুস্রাবের সময়ে মন ভাল রাখতেও কলা ব্যাপক সাহায্য করে।

ডাবের জল
ঋতুস্রাব চলাকালীন দেহে জলের ভারসাম্য বজায় রাখা খুবই জরুরী। এই সময় দেহে জলের অভাব দেখা দিলে পেশিতে টান লাগার আশঙ্কা বেড়ে যেতে পারে। তাই দেহে জলের ভারসাম্য বজায় রাখতে পান করতে পারেন ডাবের জল। এর পাশাপাশি খেতে পারেন বিভিন্ন ফল ও সব্জির রসও।


More Stories
বারাসাতে নিপায় আক্রান্ত নার্সের মৃত্যু
সফল সিজারিয়ান, উৎসবের আগমনে উদযাপন ধুপগুড়ি মহকুমা হাসপাতালে
নিপা ভাইরাস বারাসাতে! আক্রান্ত দুই নার্স! সতর্কতা হিসেবে কী করনীয়?