Home » দিনক্ষণ ঘোষণা ও বঙ্গ ভোটের সাত-সতেরো

দিনক্ষণ ঘোষণা ও বঙ্গ ভোটের সাত-সতেরো

Oplus_131072

সময় কলকাতা ডেস্ক : হাতে মাত্র ৩৮ দিন। তারপরেই জঙ্গলমহল ও উত্তর বঙ্গসহ ১৬ টি রাজ্যের ১৫২ টি বিধানসভা কেন্দ্রে ভোট হবে। দ্বিতীয় দফায় ১৪২ টি কেন্দ্রে ভোট হবে তার ৬ দিন পরেই। দ্বিতীয় তথা অন্তিম দফার ভোট কলকাতা,উত্তর চব্বিশ পরগনা, পূর্ব বর্ধমান সহ কলকাতা লাগোয়া বাকি জেলায়। দু দফার ভোট মিটে যাওয়ার  ৫ দিন পরেই ভোটের ফল প্রকাশ। ৫০ দিনের মধ্যেই জানা যাবে বঙ্গে আবার তৃণমূল নাকি বিরোধী সরকার? বঙ্গ ভোটের সাত-সতেরো নিয়ে চুমকী সূত্রধরের প্রতিবেদন।

বঙ্গ ভোটের সাত-সতেরো

পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করে দিল নির্বাচন কমিশন। পশ্চিমবঙ্গে ২৯৪টি কেন্দ্রে এবার ভোটগ্রহণ হবে ২ দফায়। ২৩ এপ্রিল ও ২৯ এপ্রিল হবে ভোট। ৪ মে ফল ঘোষণা।

গত ৮ মার্চই দুদিনের বঙ্গসফরে এসেছিল নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। ছিলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারও। রাজ্যের সব জেলার প্রশাসনের সঙ্গে বৈঠকে বসেন তিনি। রাজ্য সফরকালেই জানিয়েছিলেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি খতিয়ে দেখে ভোটের দিন ঘোষণা করা হবে। রবিবার সেই দিনই চলেই আসে। রবিবাসরীয় বিকেলে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন জানিয়েছে, পশ্চিমবঙ্গ-সহ ৫ রাজ্যে এপ্রিল মাসে ভোটগ্রহণ হবে এবং ৪ মে একসঙ্গে ফল ঘোষণা করা হবে। এরমধ্যে পশ্চিমবঙ্গে ভোটগ্রহণ হবে ২ দফায়। পশ্চিমবঙ্গে প্রথম দফার ভোট গ্রহণ হবে ২৩ এপ্রিল। দ্বিতীয় দফায় ভোট নেওয়া হবে ২৯ এপ্রিল। সব দফার ভোটগ্রহণ শেষ হওয়ার পর ৪ মে ফল ঘোষণা করা হবে।

বাংলায় এবার দু’দফায় ভোট

আগেই ইঙ্গিত মিলেছিল, পশ্চিমবঙ্গে দু’দফায় ভোট গ্রহণ করা হবে। রবিবার নির্বাচন কমিশন সেটাই জানিয়েছে। পশ্চিমবঙ্গের মোট ২৯৪টি বিধানসভা আসনে ভোট হবে দু’দফায়। প্রথম দফায় ১৫২টি আসনে ভোটগ্রহণ করা হবে। দ্বিতীয় দফায় ভোট গ্রহণ করা হবে ১৪২টি আসনে।

কোন দফায় কোন কোন জেলায় ভোট গ্রহণ ?

কমিশনের বিবৃতিতে বলা হয়েছে, প্রথম দফায় ভোট গ্রহণ করা হবে গোটা উত্তরবঙ্গ ও রাজ্যের পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে। প্রথম দফার ভোটের বিজ্ঞপ্তি জারি হবে ৩০ মার্চ। প্রথম দফায় মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ ৬ এপ্রিল। মনোনয়নের স্ক্রুটিনি হবে ৭ এপ্রিল। মনোনয়ন প্রত্যাহারের শেষ তারিখ ৯ এপ্রিল। আর ভোটগ্রহণ হবে ২৩ এপ্রিল।

প্রথম দফায় কোন কোন জেলায় ভোটগ্রহণ ?

নির্বাচন কমিশনের বিবৃতি অনুযায়ী প্রথম দফায় ২৩ এপ্রিল ভোট গ্রহণ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ, মুর্শিদাবাদ জেলায়

সেই সঙ্গে প্রথম দফায় ভোটগ্রহণ পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর এবং বর্ধমান পশ্চিম জেলায়। এই ১৫টি জেলায় ১৫২টি আসনে ভোট হবে প্রথম দফায়।

দ্বিতীয় দফায় কোন কোন জেলায় ভোটগ্রহণ ?

দ্বিতীয় দফায় ২৯ এপ্রিল ভোট গ্রহণ নদিয়া, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান ও বীরভূম জেলায়। এই ৮টি জেলায় ১৪২টি আসন রয়েছে। এর মধ্যে উত্তর ২৪ পরগনায় সবচেয়ে বেশি সংখ্যক আসন, অর্থাৎ ৩৩টি আসন রয়েছে। দক্ষিণ ২৪ পরগনায় রয়েছে ৩১টি আসন।

বঙ্গ ভোটের সাত-সতেরো ও বঙ্গের ভোটার

কমিশনের পরিসংখ্যান অনুযায়ী, রাজ্যে আপাতত ৬ কোটি ৪৪ লক্ষ ভোটার রয়েছেন। পুরুষ ৩ কোটি ২৮ লক্ষ। মহিলা ৩ কোটি ১৬ লক্ষ। তৃতীয় লিঙ্গের ১,১৫২ জন।

নির্বাচনে কোনও ধরনের হিংসা বরদাস্ত করা হবে না। সমস্ত ভোটকর্মী এবং পুলিশকর্মীদের নিরপেক্ষ হয়ে কাজ করতে হবে। রবিবার রাজ্যের বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ করার সময়ই স্পষ্ট জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। শুধু তাই নয়, গত ২০২১ সালের ভোট পরবর্তী হিংসার জায়গায় কোন কোন ওসি এবং তাঁর ঊর্ধ্বতন অফিসাররা ছিলেন, সেই সমস্ত পুলিশ আধিকারিকদের তালিকাও তৈরি হচ্ছে বলে জানিয়েছেন তিনি। একইসঙ্গে ‘ভোট লুঠ’ রুখতেও একাধিক পদক্ষেপের কথা জানানো হয়েছে। সবমিলিয়ে অবিলম্বে ভোট আসছে, দামামা বেজেই গিয়েছে। দু দফায় শান্তিপূর্ণ ভোট করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ নির্বাচন কমিশনারের কাছে।।

বঙ্গ ভোটের সাত-সতেরো #বিধানসভানির্বাচন

আরও পড়ুন বকেয়া ডিএ-র সুখবর : কবে টাকা পাবেন সরকারি কর্মী ও পেনশনভোগীরা?

About Post Author