Home » নিশীথ প্রামাণিকের কনভয়ে হামলার ঘটনায় রিপোর্ট তলব হাইকোর্টের

নিশীথ প্রামাণিকের কনভয়ে হামলার ঘটনায় রিপোর্ট তলব হাইকোর্টের

সময় কলকাতা ডেস্ক,১ মার্চঃ কোচবিহারের দিনহাটায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের কনভয়ে হামলার ঘটনায় এবার রাজ্য সরকারের কাছে রিপোর্ট চাইল কলকাতা হাইকোর্ট। বুধবার এই মামলার শুনানিতে আদালত পুলিশের কাছে কেস ডায়েরিও তলব করে। শুক্রবার ফের নিশীথ প্রামাণিকের মামলার শুনানি শুনবে হাইকোর্ট। গত শনিবারই কোচবিহারের দিনহাটায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের কনভয়ে হামলার ঘটনা ঘটে। স্বরাষ্ট্র মন্ত্রকের প্রতিমন্ত্রীর কনভয় লক্ষ্য করে বোমা, গুলি ও পাথর ছোড়া হয় বলে অভিযোগ। রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তোলে বিজেপি। ওই ঘটনায় সিবিআই তদন্তের দাবি জানিয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বুধবার প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চে ছিল সেই মামলার শুনানি। কেন্দ্রের দাবি, রাজ্য প্রশাসনের তরফ থেকে কোনও পদক্ষেপ করা হয়নি। এদিন শুনানিতে কেন্দ্রের তরফ স্বরাষ্ট্রমন্ত্রী সুরক্ষা নিয়ে প্রশ্ন তোলা হয়।

এদিকে,গত সোমবারই নিশীথ প্রামাণিকের গাড়ি ঘিরে হামলার ঘটনাকে ‘শোচনীয়’ বলে বর্ণনা করে কড়া বিবৃতি দেয় রাজভবন। বিবৃতিতে জানানো হয়, বাংলায় এই হামলা উদ্বেগজনক ঘটনা। রাজ্যপাল সিভি আনন্দ বোস প্রশ্ন তুলেছেন রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে। তিনি জানান, তদন্তের পাশাপাশি নিশীথ প্রামাণিকের সঙ্গে কথাও বলেছেন। এমনকী, দিনহাটার ঘটনায় প্রশাসন কী কী ব্যবস্থা নিয়েছে, তা জানতে চেয়ে নবান্নের কাছে রিপোর্টও তলব করেছিলেন আনন্দ। রাজভবনের বিবৃতিতে লেখা হয়েছে, ‘যাঁদের হাতে দায়িত্ব রয়েছে, তাঁদের সংবিধানের গুরুত্ব তুলে ধরতে হবে। বাংলা চায়, প্রত্যেক পুলিশ বা প্রশাসনিক কর্তা, তাঁরা যে দায়িত্বেই থাকুন, তাঁরা ভয় না পেয়ে এবং পক্ষপাত না করে দায়িত্ব পালন করুন।’ রাজ্যপাল এ-ও লেখেন, রাজ্যে আইন-শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে কোনও কিছুর সঙ্গেই আপস করা হবে না।


উল্লেখ্য, তৃণমূল ও বিজেপির সংঘর্ষে শনিবার দুপুরে রণক্ষেত্রের চেহারা নেয় কোচবিহারের দিনহাটার বুড়িরহাট বাজার। গুলি, বোমাবাজি, পাথর বৃষ্টি কিছুই বাদ যায়নি। কেন্দ্রীয় স্বরাষ্ট্র রাষ্ট্রমন্ত্রী নিশীথ প্রামাণিকের গাড়ি ঘিরে বিক্ষোভ থেকে ঘটনার সূত্রপাত। তাঁর কনভয়ে হামলা চলেছে বলেও অভিযোগ। পাল্টা বুড়িরহাট বাজারে তৃণমূলের একটি পার্টি অফিসে হামলা চালায় বিজেপি সমর্থকরা। অন্যদিকে বিজেপিই প্রথমে হামলা চালায় বলে পাল্টা অভিযোগ করেন রাজ্যের মন্ত্রী উদয়ন গুহ। রাজ্যে ৩৫৫ ধারা জারির দাবি তোলে রাজ্য বিজেপি। রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার থেকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সরব হন।

About Post Author