Home » ত্রিপুরা, মেঘালয় এবং নাগাল্যান্ডে চলছে বিধানসভা ভোটের ফল গণনা

ত্রিপুরা, মেঘালয় এবং নাগাল্যান্ডে চলছে বিধানসভা ভোটের ফল গণনা

সময় কলকাতা ডেস্ক, ২ মার্চঃ বৃহস্পতিবার ত্রিপুরার বিধানসভা ভোটের ফল গণনা। এদিন সকাল ৮ টা থেকে শুরু হয়েছে ভোট গণনা। মোট ৬০টি বিধানসভা কেন্দ্রের ভোট গণনা হবে ২১টি জায়গায়। এক্সিট পোলের হিসেব বলছে ত্রিপুরায় ফের ক্ষমতায় আসতে চলেছে বিজেপি। কেননা এখনও পর্যন্ত ২৯টি আসনে এগিয়ে বিজেপি। অন্যদিকে,সকাল ১১ টা পর্যন্ত ১১ টি আসনে এগিয়ে তিপ্রা মথা। সূত্রের খবর, ত্রিপুরায় সরকার গড়তে বিজেপিকে সমর্থন করতে পারে তিপ্রামথা। ত্রিপুরায় ভোট হয়েছিল ১৬ ফেব্রুয়ারি। সেখানে প্রায় ৯০ শতাংশ ভোট পড়েছিল। এবারে ত্রিপুরার বিধানসভা ভোট অত্যন্ত আকর্ষণীয় হয়ে উঠেছিল। বিজেপির বিজয়রথ ঠেকাতে জোট করে ভোটে লড়েছে বাম-কংগ্রেস। অন্যদিকে জনজাতি অংশে তিপ্রা মথা প্রধান প্রদ্যোত কিশোর দেববর্মন যে ইউফোরিয়া তৈরি করেছিলেন তা কতটা ভোটবাক্সে প্রতিফলিত হয় সেটাও দেখার। কড়া নিরাপত্তায় ভোট গণনা হবে ত্রিপুরায়।


গণনা-কেন্দ্রে স্বাভাবিক ভাবেই রয়েছে ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা। রয়েছে কেন্দ্রীয় বাহিনী। নির্বাচন কমিশনের তরফে একাধিক জেলায় টানা ৪৮ ঘণ্টা ১৪৪ ধারা জারির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিন্তু ফল বেরোতে শুরু করার পরে গণনা-কেন্দ্র চত্বরের বাইরে অন্যত্র যাতে যুযুধান শিবিরের মধ্যে গোলমাল না বেধে যায়, সেটাই নির্বাচন কমিশনের সামনে এখন বড় চ্যালেঞ্জ। কমিশন সূত্রের খবর, পুরনো ঘটনার খতিয়ান বিবেচনায় রেখে কিছু এলাকাকে ‘স্পর্শকাতর’ বলে চিহ্নিত করে সে সব জায়গায় বাড়তি নজরদারি রাখা হচ্ছে। ঠিক কোন কোন জায়গা, তা আগাম ঘোষণা করা হচ্ছে না।


অন্যদিকে,ভোটের ফলাফল ঘোষণা হতে চলেছে মেঘালয় এবং নাগাল্যান্ডেও। সবার চোখ এখন ওই বন্ধ ইভিএমের দিকে। ওর মধ্যেই রয়েছে ভাগ্যের চাবিকাঠি। এক্সিট পোলের হিসেব বলছে নাগাল্যান্ডে ফের ক্ষমতায় ফিরতে পারে বিজেপি ও তার সহযোগীর জোট। তবে মেঘালয়ে এনপিপির এককভাবে অনেকটাই এগিয়ে যেতে পারে। মেঘালয়ে ও নাগাল্যান্ডে ৫৯টি আসনে ভোট হয়েছিল। নাগাল্যান্ডের একটি আসনে বি না লড়াইতে জয়ী হয়েছেন এক বিজেপি প্রার্থী। অন্যদিকে মেঘালয়ের একটি আসনে এক প্রার্থীর মৃত্যু হয়েছিল। তারপর সেখানে ভোট স্থগিত হয়ে যায়। ফলাফল ত্রিশঙ্কু হওয়ার সম্ভাবনা রয়েছে।

About Post Author