Home » আপাতত বন্ধ হচ্ছেনা কলকাতা এবং বিধাননগরের হুক্কাবার

আপাতত বন্ধ হচ্ছেনা কলকাতা এবং বিধাননগরের হুক্কাবার

সময় কলকাতা ডেস্ক,২ মার্চঃ সিঙ্গল বেঞ্চের পর এবার হাই কোর্টের ডিভিশন বেঞ্চেও ধাক্কা খেল কলকাতা পুরসভা। কলকাতা এবং বিধাননগরের হুক্কাবারগুলি চালু রাখা নিয়ে সিঙ্গল বেঞ্চের রায়ে স্থগিতাদেশ দিল না কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। বুধবার এই সংক্রান্ত মামলার শুনানিতে বিচারপতি রাজাশেখর মান্থার সিঙ্গল বেঞ্চের নির্দেশই বহাল রাখল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। তিন সপ্তাহের মধ্যে কলকাতা পুরসভাকে এই ব্যাপারে যাবতীয় নথি জমা দিতে বলা হয়েছে। এই মামলার পরবর্তী শুনানি ৬ সপ্তাহ পর।

গত বছর ডিসেম্বর মাসেই কলকাতা ও বিধাননগর এলাকার সব হুক্কাবার বন্ধের নির্দেশ দিয়েছিল কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। তিনি জানিয়েছিলেন, মাদকাসক্ত হয়ে পড়ছে তরুণ প্রজন্ম। হুক্কা বারের আড়ালে নিষিদ্ধ মাদকের ব্যবহারের করা হচ্ছে। হুক্কা বারে যে কেমিক্যাল দেওয়া হয়, তা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। তাই হুক্কা বার বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। তাই লাইসেন্স বাতিল করা হবে। এরপরই পুলিশকে এই নির্দেশ কার্যকর করতে বলা হয়েছিল।

সেই নির্দেশের বিরুদ্ধেই হস্তক্ষেপ দাবি করে আদালতের দ্বারস্থ হয়েছিল অ্যাসোসিয়েশন অফ রেস্টুরেন্ট। তাদের বক্তব্য ছিল, পুর আইনে কোথাও হুক্কা বার বন্ধ করার কথা বলা নেই। সেক্ষেত্রে কেন পুরসভার অর্ডার দেখাচ্ছে পুলিশ? যদিও হুক্কাবার চালু রাখার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি রাজাশেখর মান্থা। বিচারপতি মান্থার সিঙ্গল বেঞ্চ রায় দিয়েছিল, যেহেতু এই বিষয়ে রাজ্যের কোনও আইন নেই, তাই কলকাতা এবং বিধাননগরের কোনও হুক্কাবার বন্ধ রাখা যাবে না। এরপরই রাজাশেখর মান্থার সিঙ্গল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে মামলা দায়ের করেছিল কলকাতা পুরসভা।

About Post Author