সময় কলকাতা ডেস্ক, ৩ মার্চ :
চলে গেলেন দুবারের কেন্দ্রীয় মন্ত্রী এবং প্রাক্তন বিজেপি রাজ্য সভাপতি সত্যব্রত মুখোপাধ্যায়। শুক্রবার সকালে কলকাতার সানি পার্কের বাড়িতে ৯০ বছর বয়সে তিনি প্রয়াত হন।

বাংলাদেশের সিলেটে জন্মেছিলেন সত্যব্রত মুখোপাধ্যায়। তাঁকে মানুষ বেশি চিনত জুলু দা নামেই।আইনজীবী হিসেবে তার যথেষ্ট সুনাম থাকলেও রাজনৈতিক ব্যক্তিত্ব হিসাবে তার খ্যাতি দক্ষিণ বঙ্গ ও রাজ্য ছাড়িয়ে সারা ভারতবর্ষে ছড়িয়ে পড়েছিল।আইনজীবী হিসাবে যথেষ্ট সুনাম অর্জন করেছিলেন তিনি। ২০০৮ সাল থেকে ২০০৯ সাল পর্যন্ত তিনি ছিলেন রাজ্য বিজেপির রাজ্য সভাপতি। অটলবিহারী বাজপেয়ী সরকারের আমলে ২০০০ থেকে ২০০২ সালের জুন পর্যন্ত কেন্দ্রীয় রাসায়নিক ও সার মন্ত্রকের প্রতিমন্ত্রী ছিলেন। পরবর্তী সময়ে দফতর বদলায় তাঁর।২০০২ সাল থেকে ২০০৩ সালের অক্টোবর পর্যন্ত কেন্দ্রীয় বাণিজ্য এবং শিল্প মন্ত্রকের প্রতিমন্ত্রী ছিলেন বঙ্গ বিজেপির জুলু বাবু ।

বিগত কয়েক বছরে পাদপ্রদীপের আলো থেকে সরে এলেও থেমে ছিলেন না তিনি।শেষ বয়সে এসেও রাজনৈতিক কর্মকান্ড থেকে সন্ন্যাস নেন নি তিনি। ২০১৯ সালের লোকসভা নির্বাচনের প্রচারে তাঁকে দেখা গিয়েছিল। বরাবরই দাপুটে নেতা হিসেবেই তাঁকে মানুষ দেখেছে।কৃষ্ণনগর লোকসভা কেন্দ্র থেকে তৃণমূলের সমর্থনে জয়ী হয়ে কেন্দ্রীয় মন্ত্রী হয়েছিলেন জুলুবাবু। বিজেপি দাবি করে থাকে , তিনি সাংসদ থাকাকালীন কৃষ্ণনগর কেন্দ্রে যে উন্নয়ন হয়েছে তা অন্য কোনও সাংসদের আমলে হয়নি। জুলুবাবু নিজেও সেটা বিশ্বাস করতেন । তিনি একথাও বলতেন “আমার সময়ে পাঁচ বছরে যে উন্নয়ন হয়েছে তা আর দেখা যায়নি”।

বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার প্রবীণ রাজনীতিবিদের মৃত্যুর পরে তাঁর বাড়ি গিয়ে শোকজ্ঞাপন করবেন বলে বিজেপি সূত্রে জানা গিয়েছে রাজ্য । ফেসবুক পেজে শ্রদ্ধাজ্ঞাপন করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জানিয়েছেন , ‘রাজ্য বিজেপির বর্ষীয়ান নেতৃত্ব, প্রাক্তন রাজ্য সভাপতি, প্রাক্তন সাংসদ এবং কেন্দ্রীয় মন্ত্রী, সম্মানীয় শ্রী সত্যব্রত মুখোপাধ্যায় (জুলু বাবু) মহোদয়ের প্রয়াণে আমি শোকাহত। ওনার পরিবার, পরিজন, শুভানুধ্যায়ীদের সমবেদনা জানাই। ওনার বিদেহী আত্মার চিরশান্তি কামনা করি।’


More Stories
সিভিল ডিফেন্স ফাইটারদের সংগ্রামী স্বপ্ন দিশা পাচ্ছে
আবার বেলাগাম হুমায়ুন, বিজেপিকে মারের হুমকি, গ্রেফতারের দাবি
প্রয়াত চিকিৎসক জয়ন্ত দাস