Home » চলন্ত শান্তিপুর লোকালের সামনে আচমকাই মারুতি ভ্যান! নদিয়ার পালপাড়ায় ভয়ানক দুর্ঘটনা

চলন্ত শান্তিপুর লোকালের সামনে আচমকাই মারুতি ভ্যান! নদিয়ার পালপাড়ায় ভয়ানক দুর্ঘটনা

সময় কলকাতা ডেস্ক, ৩ মার্চ:  নদিয়ার পালপাড়া স্টেশনের কাছে ঘটে গেল এক ভয়াবহ দুর্ঘটনা। চলন্ত শান্তিপুর লোকালের সামনে চলে আসে একটি চারচাকা গাড়ি। চলন্ত ট্রেনের ধাক্কায় একেবারে তুবড়ে যায় মারুতি ভ্যানটি। তবে বরাতজোরে মারুতি ভ্যানের ভিতর থাকা কোনও যাত্রীর খুব বেশি ক্ষতি হয়নি। তবে মাঝলাইনে আচমকা ওই দুর্ঘটনায় থমকে যায় শান্তিপুর লোকাল। ধাক্কার অভিঘাতে ট্রেন যাত্রীরাও আতঙ্কিত হয়ে পড়েন। অনেকেই লাফিয়ে লাইনে নেমে পড়েন। মুহূর্তের মধ্যে ওই এলাকায় ভিড় করেন এলাকার মানুষ। ঘটনার জেরে বেশ কিছুক্ষণ ট্রেন চলাচল বন্ধ থাকে রানাঘাট শাখায়।

রেল সূত্রে খবর, শুক্রবার সাড়ে ১১টা নাগাদ শান্তিপুর থেকে ছাড়ে শিয়ালদাগামী লোকাল ট্রেনটি। পালপাড়া স্টেশনের ঢোকার মুখে মনসাপোঁতা এলাকায় ট্রেনটির সামনে চলে আসে একটি মারুতি ওমিনি ভ্যান। চলন্ত ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে যায় চারচাকা গাড়িটি। গাড়ির ভিতরে থাকা কয়েকজন গুরুতর আহত হয়েছেন, তবে মৃত্যুর খবর পাওয়া যায়নি। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়েছে। এক প্রত্যক্ষদর্শীর কথায়, পালপাড়া স্টেশন চত্বরে রেললাইনের ধারেই রাস্তা। কোনওভাবে গাড়িটি উঠে আসে রেললাইনের উপর। তখনই পিছনে এসে যায় ছুটন্ত ডাউন শান্তিপুর লোকাল।

প্রত্যক্ষদর্শীদের দাবি, দূরে রেললাইনে চারচাকা গাড়িটিকে দেখতে পেয়েই ট্রেনচালক গতি কমিয়ে দিয়ে ব্রেক কষেন। কিন্তু তবুও ট্রেনটি গিয়ে ধাক্কা মারে মারুতি গাড়িটিকে। চালক ব্রেক কষলেও পুরোপুরি থামাতে পারেননি। স্থানীয় মানুষজন ছুটে আসেন ঘটনা দেখে। ট্রেন থেকেও নেমে পড়েন অনেকে। স্থানীয়রাই উদ্ধার করেন চারচাকা গাড়ির আহত যাত্রীদের। পুরে ঘটনাস্থলে আসেন রেলের আধিকারিক ও আরপিএফকর্মীরা। বেশ কিছুক্ষণ পর গাড়িটি রেললাইন থেকে সরিয়ে দিয়ে ওই লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়।

About Post Author