সময় কলকাতা ডেস্ক, ৩ মার্চ: সদ্যই সাগরদিঘি উপনির্বাচনের ফল প্রকাশ হয়েছে। সামনেই রাজ্যে পঞ্চায়েত ভোট। এই আবহে মুর্শিদাবাদের এক স্কুলের ছাদে ও বাগানে মিলল সকেট বোমা। শুক্রবার সকালে স্কুলের সাফাইকর্মী ঝাড়ু দেওয়ার সময় ওই বোমাগুলি পড়ে থাকতে দেখে। সঙ্গে সঙ্গেই তিনি খবর দেন স্কুল কর্তৃপক্ষকে। খবর যায় পুলিশে। এলাকায় ছড়িয়ে পড়ে ব্যপক আতঙ্ক। পরে বোম্ব স্কোয়াড গিয়ে বোমাগুলি উদ্ধার করে নিস্কৃয় করে। চাঞ্চল্যকর ঘটনাটি মুর্শিদাবাদের ডাঙাপাড়া অঞ্চলের হাসানপুর রাজেশ্বরী বিদ্যাপীঠে।

স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, শুক্রবার সকালে হাসানপুর রাজেশ্বরী বিদ্যাপীঠের বাগানে ঝাড়ু দিচ্ছিলেন এক সাফাইকর্মী। তখনই বোমাগুলি দেখতে পান তিনি। খবর পেয়ে ঘটনাস্থলে আসে বিশাল পুলিশবাহিনী। আসে বোম্ব স্কোয়াডের কর্মীরাও। তল্লাশি করে বাগানের পাশাপাশি ওই স্কুলের ছাদেও কয়েকটি সকেট বোমা পাওয়া যায়। জানা গিয়েছে, আগামী ৫, ৬ ও ৭ তারিখ এই স্কুলের ৭৫তম বর্ষপূর্তি অনুষ্ঠান রয়েছে। সেই উপলক্ষ্যে সাজ সাজ রব স্কুল চত্বরে। কিন্তু তার আগেই এতগুলি সকেট বোমা উদ্ধার ঘিরে আতঙ্ক সৃষ্টি হয়েছে এলাকাজুড়ে। ঘটনার তদন্ত শুরু করেছে মুর্শিদাবাদ থানার পুলিশ। তবে কে বা কারা বোমাগুলি এই স্কুলে ফেলে যায় তা এখনও জানা যায়নি।

মুর্শিদাবাদ জেলা পুলিশ সুপার সুরিন্দর সিং জানান, তদন্ত শুরু হয়েছে। কারা বোমাগুলি এখানে রেখেছিলেন তা তদন্ত করে দেখা হচ্ছে। স্কুলের পরিচলন সমিতির সদস্য কুন্তল চৌধুরী বলেন, কারা এই ঘটনার সঙ্গে যুক্ত তাঁদের অবিলম্বে চিহ্নিত করতে হবে। সামনেই স্কুলের ৭৫ বছর পূর্তি অনুষ্ঠান। তাই অন্তর্ঘাত উড়িয়ে দেওয়া যায় না। যদিও স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এলাকায় অসামাজিক কাজকর্ম বেড়েছে।


More Stories
সোনারপুরে অভিষেককে মারধর, মেরে জামা ছিঁড়ে দেওয়া হল অভিষেকের
প্রাক্তন বিধায়ক রফিকুরের ভাই আনিস গ্রেফতার
তৃণমূলের শ্বাসকষ্টের আরেক শিকার অভিষেক ঘনিষ্ঠ শুভ্রকান্তির পদত্যাগ