Home » ক্রমশ ঊর্ধ্বমুখী তাপমাত্রার পারদ

ক্রমশ ঊর্ধ্বমুখী তাপমাত্রার পারদ

সময় কলকাতা ডেস্ক, ৪ মার্চঃ জেলায় জেলায় চড়ছে তাপমাত্রার পারদ। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে রোদের তেজ। মার্চেই রেকর্ড ভাঙবে তাপমাত্রার পারদ। আপাতত দক্ষিণবঙ্গে বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। উত্তরবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা। পারদের ওঠানামায় রাজ্যবাসীর প্রাণ ওষ্ঠাগত। হাওয়া অফিস সূত্রে খবর,দোলের মধ্যেই তাপমাত্রার পারদ পৌঁছে যেতে পারে ৪০ ডিগ্রি সেলসিয়াসে। জেলায় জেলায় থাকবে ভ্যাপসা গরম।

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, দক্ষিণবঙ্গের প্রায় প্রতিটি জেলায় মেঘমুক্ত পরিষ্কার আকাশ থাকবে। সেইসঙ্গে বাড়বে তাপমাত্রাও। আজ কলকাতায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা ২২.৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩১.২ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৪ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ থাকবে ৪২ থেকে ৮৫ শতাংশ।


পূর্বাভাস বলছে,উত্তরবঙ্গের কালিম্পং, দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে উত্তরবঙ্গের অন্যান্য জেলাগুলি শুষ্কই থাকবে। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে আপাতত বৃষ্টি হবে জম্মু কাশ্মীর, লাদাখ, হিমাচলপ্রদেশ এবং উত্তরাখণ্ডে।উত্তর-পূর্ব ভারতের বেশ কয়েকটি রাজ্যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। উত্তর পশ্চিম ভারতের একাধিক রাজ্যে তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে।

About Post Author