সময় কলকাতা ডেস্ক, ৫ মার্চ: দুবাই থেকে আসা এক বিমানযাত্রীকে দেখেই সন্দেহ হয়েছিল কলকাতা বিমানবন্দরের শুল্ক দফতরের আধিকারিকদের। এরপরই ওই ব্যক্তির শরীরে তল্লাশি চালানোর সিদ্ধান্ত নেন তাঁরা। আর তাতেই চক্ষু চড়কগাছ শুল্ক আধিকারিকদের। বিক্রম মিনা নামে ওই ব্যক্তির অন্তর্বাস, মোজা ও বেল্টে এক অভিনব কায়দায় লুকোনো ছিল সোনার পেস্ট। শুল্ক আধিকারিকরা জানিয়েছেন, মোট ৪ কেজি ৯১৮ গ্রাম সোনার পেস্ট উদ্ধার হয়েছে ওই বিমানযাত্রীর কাছ থেকে। যার বর্তমান বাজারদর ২ কোটি ৭৯ লক্ষ ৪০ হাজার ৭৩৯ টাকা।

কলকাতা বিমানবন্দর সূত্রে জানা যাচ্ছে, রবিবার সকাল সাড়ে সাতটা নাগাদ দুবাই থেকে কলকাতায় নেমেছিল ইকে-৫৭০ বিমানটি। যাত্রীরা যখন একে একে বেরিয়ে আসছেন তখনই বিক্রম মিনা নামে ওই ব্যক্তিকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখা যায়। এরপরই ওই ব্যক্তিকে আলাদা করে জিজ্ঞাসাবাদ শুরু করেন শুল্ক দফতরের আধিকারিকরা। সন্দেহ হওয়ায় তাঁর শরীর ও জিনিসপত্রে তল্লাশি চালানো হয়। এরপরই তাঁর প্যান্ট, অন্তর্বাস, মোজা ও বেল্টে আটকানো সোনার পেস্ট দেখতে পান আধিকারিকরা।

শুল্ক দফতরের কর্তাদের প্রাথমিক অনুমান, পাচারের উদ্দেশ্যেই ওই সোনা কলকাতায় আনা হয়েছিল। ওয়াকিবহাল মহলের দাবি, বারবার ধরা পড়ায় এখন অভিনব সব কায়দায় সোনা পাচার হচ্ছে। যেমন সোনা গলিয়ে পেস্ট করে বেল্ট বা পোশাকে সাঁটিয়ে দেওয়া হচ্ছে। রবিবার এমনই কায়দায় সোনা নিয়ে আসছিলেন বিক্রম মিনা নামে ওই ব্যক্তি। তবে তিনি কোনও আন্তর্জাতিক সোনা পাচারকারি চক্রের সঙ্গে যুক্ত কিনা সেটা জানার চেষ্টা করছেন শুল্ক আধিকারিকরা। প্রসঙ্গত, গত জানুয়ারিতেই একই কায়দায় সোনার পেস্ট উদ্ধার করা হয়েছিল কলকাতা বিমানবন্দরে।


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
পাটুলিতে শুট আউট, নিহত যুবক
যোনিমুখে বীর্য নিক্ষেপই ধর্ষণের মাপকাঠি নয়, জানাল আদালত