সময় কলকাতা ডেস্ক,৫ মার্চঃ কলকাতা হাইকোর্টের নির্দেশে চাকরি গিয়েছে নবম দশমের ৭৭৫ জন শিক্ষকের। ফলে সদ্য সমাপ্ত মাধ্যমিক পরীক্ষার খাতা সময় মতো দেখা কতটা সম্ভব সেই নিয়ে উঠছে প্রশ্ন। যদিও শনিবার মধ্যশিক্ষা পর্ষদ দাবি করেছে শিক্ষকের অভাব কোনওভাবেই প্রভাব পড়বে না মাধ্যমিকের খাতা দেখায়। কিন্তু শিক্ষকদের একাংশ এই বিষয়ে সন্দেহ প্রকাশ করছেন।

শুক্রবার নবম-দশমের ৬১৮ জন শিক্ষকের চাকরির সুপারিশপত্র বাতিল করেছিল পর্ষদ। এরপর শনিবারও ১৫৭ জনের চাকরি গিয়েছে কলকাতা হাইকোর্টের নির্দেশে। এতজন শিক্ষকের অভাব কিভাবে পূরণ করবে মধ্যশিক্ষা পর্ষদ? সভাপতি রামানুজ বন্দ্যোপাধ্যায়ের দাবি, অবশ্যই সম্ভব। তিনি শনিবার বলেন, মাধ্যমিকের উত্তরপত্র বা খাতা দেখার ক্ষেত্রে শিক্ষকদের অভিজ্ঞতা প্রথম বিবেচনা করা হয়।

এক্ষেত্রে কমপক্ষে ১০-১৫ বছরের অভিজ্ঞতা সম্পন্ন শিক্ষকদের খাতা দেখতে দেওয়া হয়। মুখ্য পরীক্ষাকদের ক্ষেত্রেও প্রায় একই নিয়ম মেনে চলা হয়। ফলে হাইকোর্টের নির্দেশে বহু শিক্ষকের নিয়োগ বাতিল হলেও মাধ্যমিকের খাতা দেখার ক্ষেত্রে কোনও প্রভাব পড়বে না। পর্ষদ সভাপতির দাবি, মাধ্যমিক পরীক্ষার উত্তরপত্র মূল্যায়ন প্রক্রিয়া যথা সময়েই শেষ হবে। পাশাপাশি মে মাসের শেষ দিকে মাধ্যমিকের ফলপ্রকাশ হতে পারে বলেই পর্ষদ সূত্রে জানা যাচ্ছে।


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
আরেক অভিনেতা প্রণবের অকালপ্রয়াণ
মার্চেই বকেয়া ডিএ দেওয়ার উদ্যোগ : এসওপি জারি