সময় কলকাতা ডেস্ক, ৮ মার্চ: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পাশে দাঁড়িয়ে ত্রিপুরার মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন ডাঃ মানিক সাহা। শপথগ্রহন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। দ্বিতীয়বারের জন্য তিনি ত্রিপুরার মুখ্যমন্ত্রী হচ্ছেন তিনি। বুধবার আগরতলার বিবেকানন্দ ময়দানে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে শপথ নিল ত্রিপুরার নতুন মন্ত্রিসভা। উল্লেখ্য একক সংখ্যাগরিষ্ঠতা নিয়েই বিজেপি ত্রিপুরায় ক্ষমতায় এসেছে। কিন্তু মুখ্যমন্ত্রী কে হবেন তা নিয়ে ছিল টানাপোড়েন।

মানিক সাহা দ্বিতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হবেন নাকি ধানগড় থেকে জিতে আসা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিককে মনোনয়ন দেওয়া হবে এই নিয়েই চলছিল জল্পনা। অবশেষে ডাক্তারবাবুকেই বিধায়কদলের নেতা বাছলেন বিজেপি বিধায়করা। বুধবার আগরতলায় নতুন মন্ত্রিসভার শপথগ্রহন অনুষ্ঠানে ছিল চাঁদের হাট। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি-সহ অমিত শাহ, জেপি নাড্ডারা থাকলেও অনুষ্ঠান বয়কট করেন ত্রিপুরার বিরোধী দলগুলি। ভোট পরবর্তী হিংসার অভিযোগে বাম-কংগ্রেস জোটের বিধায়করা এদিন শপথগ্রহন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না। উল্লেখ্য, ভোটের ফল প্রকাশ হতেই ত্রিপুরায় বিরোধীদের ওপর একাধিক আক্রমণের ঘটনা সামনে এসেছে।

ভোট পরবর্তী হিংসায় উত্তপ্ত একাধিক এলাকা। এই আবহেই মঙ্গলবার রাতে আগরতলা পৌঁছে যান প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিজেপি সর্বভারতীয় সভাপতি। তার আগেই বিজেপি বিধায়করা ডাঃ মানিক সাহাকেই মুখ্যমন্ত্রী হিসেবে বেছে নিয়েছিলেন। গত বিধানসভায় ত্রিপুরায় মুখ্যমন্ত্রী ছিলেন বিপ্লব দেব। কিন্তু বেশ কয়েকবার বিতর্কে জড়িয়ে মুখ্যমন্ত্রীর পদ খোয়ান বিপ্লব দেব। তাঁর জায়গায় স্বচ্ছ ভাবমূর্তির মানিক সাহাকে মুখ্যমন্ত্রী করেছিল বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। এবারও তাঁর ওপর ভরসা রাখলো বিজেপি।


More Stories
ভয়াবহ ভূমিধসে বিপর্যস্ত সিকিমের রিম্বি
জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ক্রিমিনাল কেস এবং প্রধানমন্ত্রীর বক্তব্য দাবি অধীরের
বিরোধীরা কিছুই করতে পারবে না বললেন দিলীপ