Home » ডব্লিউপিএলে পরপর দুই ম্যাচে জয় পেল দিল্লি ক্যাপিটাল

ডব্লিউপিএলে পরপর দুই ম্যাচে জয় পেল দিল্লি ক্যাপিটাল

সময় কলকাতা ডেস্ক, ৮ মার্চ: মহিলা প্রিমিয়ার লিগে জিতেই চলেছে দিল্লি ক্যাপিটালসের মেয়েরা। মঙ্গলবার ডিওয়াই পাতিল স্টেডিয়ামে ইউপি ওয়ারিয়রসকে ৪২  রানে পরাজিত করে মহিলা প্রিমিয়ার লিগে (ডব্লিউপিএল) প্রথম বছর তাদের দ্বিতীয় জয় পেল দিল্লি ক্যাপিটালস। অস্ট্রেলিয়ার অধিনায়ক মেগ ল্যানিং এবার দিল্লির অধিনায়ক। তিনি দিল্লির হয়ে প্রতিদিন অসামান্য ব্যাটিং পারফরমেন্স দেখাচ্ছেন। উত্তরপ্রদেশ টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। ফলে প্রথমে ব্যাট করতে নেমে  ল্যানিং ৪২ বলে ৭০ রান করেন। পরপর দুটি ম্যাচেই অর্ধশতরান করলেন তিনি।

অপরদিকে রোদ্রিগেস করেন ৩৪ রান। এছাড়াও জেস জোনাসেন তার অলরাউন্ড পারফরম্যান্স দিয়ে নজর কাড়লেন। দিল্লির ইনিংসে শেষদিকে  নেমে জোনাসেন মাত্র ২০ বলে অপরাজিত ৪২ রান করেন। দিল্লি নির্ধারিত ২০ ওভারে  ৪ উইকেটে ২১১ রান তোলে। দিল্লির মেয়েরা ইউপির ফ্রন্টলাইন বোলার সবনিম ইসমাইল ছাড়া কাউকেই রেয়াত করেননি। চার ওভার হাত ঘুরিয়ে সাবনিম ২৯ রান দিয়ে একটি উইকেট পান।

জবাবে ইউপি ইনিংসের শুরুর দিকে হিলি ঝড় তুললেও চতুর্থ ওভারের তৃতীয় ও পঞ্চম বলে হিলি ও কিরণকে ফিরিয়ে দিয়ে বড়সড় ধাক্কা দেন জোনাসেন। এরপরে অজি তারকা তাহিলা ম্যাকগ্রা এসে হাল ধরলে অন্যদিক থেকে বিশেষ সাহায্য পাননি। তাহিলা ম্যাকগ্রার ৫০ বলে ৯০ কাজে লাগেনি এদিন। ম্যাকগ্রার ৯০ এখনও পর্যন্ত WPL-এ সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর।  গুজরাট টাইটানসের বিরুদ্ধে জিতলেও দিল্লি ক্যাপিটালসের কাছে এদিন পরাজয়ের মুখ দেখতে হয় ইউপি ওয়ারিয়ার্সকে। ২০ ওভারে ৫ উইকেটে ১৬৯ রানের বেশি না করতে পারায় ৪২ রানে হেরে যায় ইউপি। ম্যাচ সেরার সম্মান পান জেস জোনাসেন। এই জয়ের পরে দিল্লির মেয়েরা মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে দু ম্যাচের চার পয়েন্ট পেলেও নেট রান রেট এর বিচারে লিগ টেবিলের শীর্ষে হরমানপ্রীতের নেতৃত্বাধীন মুম্বই ইন্ডিয়ানস।।

About Post Author