সময় কলকাতা ডেস্ক, ১৩ মার্চ: কলকাতা হাইকোর্টের একক বেঞ্চে চাকরি হারিয়ে এবার হাইকোর্টের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ SSC গ্রুপ সি’র ৮৪২ জন কর্মী। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে আবেদন করলেন চাকরিহারারা। গত শুক্রবার এই ৮৪২ জনের চাকরি বাতিল করেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। আর এই রায়কে চ্যালেঞ্জ করে হাই কোর্টের বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চে আবেদন করা হল। চলতি সপ্তাহেই মামলাটির শুনানির সম্ভাবনা রয়েছে।

সুপারিশপত্র ছাড়াই এসএসসি গ্রুপ সি’র ৫৭ জনের চাকরি নিয়ে শুক্রবারই বিস্ময়প্রকাশ করেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। হাইকোর্টের নির্দেশের পরই তালিকা প্রকাশ করে এসএসসি। ওই ৫৭ জনকে কমিশন সুপারিশপত্র দেয়নি বলে হলফনামা দিয়ে আদালতকে জানায় কমিশন। এই মামলার শুনানি চলাকালীন ৫৭ জন-সহ মোট ৮৪২ জনের চাকরি বাতিলের নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।
উল্লেখ্য, গত ২০১৬ সালে গ্রুপ সি’তে মোট ২০৩৭ জনকে নিয়োগ পত্র দেওয়া হয়েছিল। তাঁদের মধ্যে ৭৮৫ জনের চাকরি বাতিল করে কলকাতা হাইকোর্ট। আদালতের নির্দেশে শনিবার তাঁদের সুপারিশপত্র বাতিল করে স্কুল সার্ভিস কমিশন ও নিয়োগপত্র বাতিল করে মধ্যশিক্ষা পর্ষদ। এমনকি বিচারপতির নির্দেশে, সদ্য চাকরিহারা ৮৪২ জনের কেউই আর স্কুলে ঢুকতে পারবেন না। স্কুলের কোনও জিনিসে হাত দিতে পারবেন না তারা। শুক্রবার থেকে তাঁদের বেতনও বন্ধ হয়ে যায়। যদিও এবার বেতন ফেরতের বিষয়টি নিয়ে পরে আদালত সিদ্ধান্ত নেবে বলে জানান বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

আগামী ১৬ মার্চের মধ্যে গ্রুপ সি-তে চাকরি পাওয়া সব ব্যক্তির নিয়োগপত্র স্কুল সার্ভিস কমিশনকে পাঠাবে মধ্যশিক্ষা পর্ষদ। ২৭ মার্চের মধ্যে তা খতিয়ে দেখবে কমিশন। ২৯ মার্চ মামলার পরবর্তী শুনানি। এই শূন্যপদে আগামী ১০ দিনের মধ্যে ওয়েটিং লিস্ট থেকে নিয়োগের নির্দেশও দেন বিচারপতি। এবার এই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে গেল চাকরিহারারা।


More Stories
প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস গ্রেফতার, সরব মহুয়া
সব্যসাচীকে গ্রেফতার করিয়েছেন কাকলি, অভিযোগ কল্যাণের
স্বরূপ বিশ্বাসের বাড়িতে পুলিশ, সঙ্গে কেন্দ্রীয় পুলিশ বাহিনী