সময় কলকাতা ডেস্ক, ১৩ মার্চ: মাঝ আকাশে বিপত্তি। বিমানের ভিতরই গুরুতর অসুস্থ হয়ে পড়লেন এক যাত্রী। ফলে তড়িঘড়ি সাহায্য চাওয়া হল পাকিস্তানের করাচি বিমানবন্দরের। শেষ পর্যন্ত অনুমতি দেয় পাকিস্তান উড়ান পরিবহন সংস্থা। করাচি বিমানবন্দরে জরুরি অবতরণ করে ইন্ডিগোর বিমানটি। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে। তারপরই জানা যায় ওই বিমানেই মৃত্যু হয়েছে আবদুল্লা নামের নাইজেরিয়ার নাগরিকের।

সংবাদ সংস্থা সূত্রে জানা যাচ্ছে, দিল্লি থেকে দোহাগামী ইন্ডিগোর ৬ই-১৭৩৬ বিমানের এক যাত্রী ৬০ বছরের আবদুল্লা অসুস্থ বোধ করেন। তিনি দরদর করে ঘামছিলেন এবং তাঁর শরীরে অস্বস্তি হচ্ছিল বলে জানান। কেবিন ক্রুরা প্রাথমিক শুশ্রসা করেও লাভ হয়নি। এরপরই তাঁরা বিষয়টি পাইলটকে জানান। তখন বিমানটি পাকিস্তানের কাছাকাছি উড়ছিল। কোনও ভারতীয় বিমানের পাকিস্তানের আকাশসীমা ব্যবহার করার অনুমতি নেই। কিন্তু গুরুতর অসুস্থ যাত্রীর কথা জানিয়ে বিমানের পাইলট করাচি বিমানবন্দরের এটিসি-র সঙ্গে যোগাযোগ করেন।

করাচি বিমানবন্দর কর্তৃপক্ষ মেডিকেল এমারজেন্সি ল্যান্ডিংয়ের অনুমতি দেয়। দ্রুতই দোহাগামী ইন্ডিগোর বিমান করাচিতে জরুরি অবতরণ করে। এরপর বিমানবন্দরের চিকিৎসকরা এসে ওই নাইজেরীয় যাত্রীকে পরীক্ষা করে জানিয়ে দেয় মাঝ আকাশেই তাঁর মৃত্যু হয়েছে। বিমানসংস্থা ইন্ডিগো জানিয়েছে, ওই যাত্রী দুবাই যাচ্ছিলেন। তিনি কর্মসূত্রে ভারতে থাকতেন। সম্ভবত হৃদরোগে আক্রান্ত হয়েই তাঁর মৃত্যু হয়েছে। করাচি বিমানবন্দরের চিকিৎসকরা তাঁর ডেথ সার্টিফিকেট ইস্যু করেছেন। এরপর প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে বিমানটি দুবাইয়ের উদ্দেশ্যে উড়ে যায়।


More Stories
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার
হরমুজ প্রণালী, রান্নার গ্যাস ও তেল এবং ভারত -ইরানের সম্পর্ক
যুদ্ধের জাঁতাকলে ভারত