Home » এবার ইডির হাতে গ্রেফতার অনুব্রতের হিসাবরক্ষক

এবার ইডির হাতে গ্রেফতার অনুব্রতের হিসাবরক্ষক

সময় কলকাতা ডেস্ক, ১৪ মার্চ: গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডলের হিসাবরক্ষক মণীশ কোঠারিকে গ্রেফতার করল ইডি। মঙ্গলবারই তাঁকে কলকাতায় ইডির দফতরে জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারী আধিকারিকরা। টানা জিজ্ঞাসাবাদের পরই মণীশ কোঠারিকে গ্রেফতার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তদন্তে অসহযোগিতা করায় তাঁকে গ্রেফতার করা হল বলে জানিয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা।

সম্প্রতি বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে দিল্লির আদালতে হাজির করিয়ে ইডির আইনজীবী জানিয়েছিলেন তাঁকে বেশ কয়েকজনের মুখোমুখি বসিয়ে জেরা করা হবে। সেই তালিকায় অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যা ছাড়াও ছিলেন এই মনীশ কোঠারি। এই দু’জন ছাড়াও তালিকায় আরও ১০ জন রয়েছেন। অনুব্রত ও সুকন্যার হিসাবরক্ষক মনীশ কোঠারিকে মঙ্গলবারই ডেকে পাঠানো হয়েছিল সল্টলেকের ইডি দফতরে। মনীশ কোঠারি দীর্ঘদিন ধরেই অনুব্রত মণ্ডলের যাবতীয় আর্থিক হিসাব রাখেন। ইডি সূত্রে জানা যাচ্ছে, অনুব্রত মণ্ডলের মেয়ে ও অন্যান্য আত্মীয়দের নামে ও বেনামে কত সম্পত্তি রয়েছে সে সম্পর্কেই এদিন জিজ্ঞাসাবাদ করেন ইডি আধিকারিকরা। কিন্তু তদন্তে অসহযোগিতা করছিলেন তিনি। এরপরই তাঁকে গ্রেফতারের সিদ্ধান্ত নেন তদন্তকারীরা।

About Post Author