Home » নারীর হাতে গতিশক্তি, বন্দে ভারতের লাগাম এই মহিলা লোকো পাইলটের হাতে

নারীর হাতে গতিশক্তি, বন্দে ভারতের লাগাম এই মহিলা লোকো পাইলটের হাতে

সময় কলকাতা ডেস্ক, ১৪ মার্চ: মহারাষ্ট্রের শোলাপুর স্টেশন থেকে ছেড়ে মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস (CSTM) স্টেশণের ৮ নম্বর প্ল্যাটফর্মে নির্ধারিত সময়ের ৫ মিনিট আগেই ঢুকল বন্দে ভারত এক্সপ্রেস। প্ল্যাটফর্মে তখন রেলের উচ্চ পদস্থ কর্তারা অপেক্ষায়। সেখানেই রেলকর্তারা সুরেখা যাদবকে সম্বর্ধনা দেন। কারণ সুরেখা যাদব এশিয়ার প্রথম মহিলা লোকো পাইলট। তবে এদিন তাঁকে সম্বর্ধনা দেওয়ার কারণ অন্য। ভারতীয় রেলের এই কৃতি মহিলা প্রথমবার সেমি হাইস্পিড বন্দে ভারত এক্সপ্রেস চালিয়ে রেকর্ড গড়লেন। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব স্বয়ং তাঁর প্রশংসায় পঞ্চমুখ।

সুরেখা যাদব ১৯৮৮ সালে প্রথমবার রেলের ইঞ্জিন চালিয়ে রেকর্ড গড়েছিলেন। তিনি ভারত তো বটেই, গোটা এশিয়া মহাদেশের প্রথম মহিলা লোকো পাইলট হিসেবে স্বীকৃত। এই সুরেখা যাদবের হাতেই এবার ভারতের সবচেয়ে আধুনিক সেমি হাইস্পিড বন্দে ভারত এক্সপ্রেসের লাগাম তুলে দিল ভারতীয় রেল। এক প্রেস বিবৃতিতে মধ্য রেল জানিয়েছে, কয়েকদিনের প্রশিক্ষণের শেষে সোমবার সুরেখা যাদব শোলাপুর- মুম্বই সিএসটিএম বন্দে ভারত এক্সপ্রেস চালালেন।

তিনি ট্রেনটি শোলাপুর থেকে নির্ধারিত সময়ে ছেড়ে পাঁচ মিনিট আগেই মুম্বই সিএসটিএম স্টেশনে নিয়ে আসেন। ওই প্রেস বিবৃতিতে রেল আরও জানিয়েছে সুরেখা যাদব দক্ষতার সঙ্গেই এই ইঞ্জিনবিহীন অত্যাধুনিক সেমি হাইস্পিড ট্রেনটি পরিচালনা করেছেন। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব টুইটারে বন্দে ভারতের কেবিনে সুরেখা যাদবের ছবি শেয়ার করে লিখেছেন, “নারীর হাতে গতিশক্তি”। তিনি ওই মহিলা লোকো পাইলটের ভুয়োসী প্রশংসা করেন।

About Post Author