Home » কংগ্রেস নেতা কৌস্তভের বিরুদ্ধে এফআইআরে স্থগিতাদেশ দিল হাইকোর্ট

কংগ্রেস নেতা কৌস্তভের বিরুদ্ধে এফআইআরে স্থগিতাদেশ দিল হাইকোর্ট

সময় কলকাতা ডেস্ক, ১৫ মার্চ: কংগ্রেস নেতা তথা আইনজীবী কৌস্তভ বাগচীর গ্রেফতারি এবং পুলিশের অতিসক্রিয়তা নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয়েছিল। বুধবার এই মামলার শুনানিতে বিচারপতি রাজশেখর মান্থা নির্দেশ দিলেন আগামী চার সপ্তাহ পুলিশ কৌস্তভের বিরুদ্ধে নতুন করে কোনও কঠোর পদক্ষেপ নিতে পারবে না। পাশাপাশি আদালত পুলিশের অতিসক্রিয়তা এবং গ্রেফতারের পদ্ধতি নিয়েও প্রশ্ন তোলে এদিন। এই বিষয়ে কলকাতার পুলিশ কমিশনারকে বটতলা থানার অতিসক্রিয়তা নিয়ে তদন্ত করে একটি রিপোর্ট আদালতে জমা দিতে নির্দেশ দিয়েছেন বিচারপতি।

প্রসঙ্গত, গত ৩ মার্চ গভীর রাতে হুমকি ও অশান্তি ছড়ানোর অভিযোগে কৌস্তভের ব্যারাকপুরের বাড়িতে হানা দেয় বটতলা থানার পুলিশ। পরদিন সকালে তাঁকে গ্রেফতার করা হয়। কিন্তু সেদিনই আলিপুর আদালত থেকে জামিন পান কৌস্তভ। তাঁর পাশে দাঁড়িয়ে আদালতে সাওয়াল করেন বিকাশরঞ্জন ভট্টাচার্য-সহ বাম ও কংগ্রেসপন্থী একাধিক আইনজীবী। বুধবার কলকাতা হাইকোর্টে মামলার শুনানি চলাকালীন বিচাপতির পর্যবেক্ষণ, এ বিষয়ে বটতলা থানার পুলিশের প্রাথমিক অনুসন্ধান করা উচিত ছিল। এমন কোনও তথ্য প্রমান নেই যাতে গ্রেফতারির গুরত্ব বোঝা যায়।

গোটা বিষয়টি সুপ্রিম কোর্টের নির্দেশের বিরোধী উল্লেখ করে বিচারপতির মন্তব্য, কোনও নোটিস না পাঠিয়েই এভাবে গ্রেফতার করায় নাগরিকের অধিকার ক্ষুণ্ণ করা হয়েছে। কোর্ট (কলকাতা হাইকোর্ট) জানতে আগ্রহী কীসের ভিত্তিতে মাঝরাতে পুলিশ তাঁর বাড়ি গিয়েছিল। আর সারারাত থেকে পরের দিনই বা কেন তাঁকে গ্রেফতার করা হল। এরপরই তিনি কলকাতার পুলিশ কমিশনারকে বটতলা থানার অতিসক্রিয়তা নিয়ে তদন্ত করার নির্দেশ দিয়েছেন। এছাড়া ব্যারাকপুর পুলিশ কমিশনারকে কৌস্তভের নিরপত্তাও নিশ্চিত করতে নির্দেশ দেয় হাইকোর্ট।

About Post Author