Home » চিনের নয়, অরুণাচল ভারতেরই অংশ! মার্কিন সেনেটে পাশ হল প্রস্তাব

চিনের নয়, অরুণাচল ভারতেরই অংশ! মার্কিন সেনেটে পাশ হল প্রস্তাব

সময় কলকাতা ডেস্ক, ১৫ মার্চ: অরুণআচল প্রদেশের বেশ কিছুটা অংশ বরাবর নিজেদের অংশ বলে দাবি করে আসছে চিন। যা নিয়ে দীর্ঘদিন ধরেই বিবাদ চলছে ভারত ও চিনের। এবার ভারতের পাশে দাঁড়ল জো বাইডেন সরকার। এই বিষয়ে মার্কিন সংসদের উচ্চকক্ষ সেনেটে একটি প্রস্তাবও পাশ হল সম্প্রতি। ওই প্রস্তাবে বলা হয়েছে, আন্তর্জাতিক ভাবে স্বীকৃত এই সীমান্তরেখা মেনে নেওয়া উচিত চিনের। প্রস্তাবটি মার্কিন সেনেটে সর্বসম্মতিক্রমে পাশ হয়েছে বলেই আমেরিকার সংবাদমাধ্যমে প্রকাশ।

অরুণাচল যে ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ সেটা বরাবরই বলে আসছে ভারত। কিন্তু চিন পাল্টা দাবি করছে অরুণাচল প্রদেশ তাঁদের অংশ। এমনকি মান্দরিন ভাষায় অরুণাচলের কয়েকটি অঞ্চল এবং শহরকে নিজস্ব নামকরণ করে ম্যাপে দেখিয়েছে চিন। যা নিয়ে তীব্র আপত্তি জানিয়ে আসছে ভারত। এবার এই প্রসঙ্গে ভারতের পাশেই দাঁড়াল আমেরিকা। মার্কিন সেনেটে সর্বসম্মতিক্রমে পাশ হওয়া ওই প্রস্তাবে বলা হয়েছে, ভারত-চিনের সীমান্তে প্রকৃত নিয়ন্ত্রণরেখায় একতরফা ভাবে স্থিতাবস্থা নষ্ট করছে চিন। পাশাপাশি সাম্প্রতিক অতীতে লাদাখে চিনা অগ্রাসন নিয়েও নিন্দা জানানো হয়েছে।

প্রসঙ্গত, বিগত কয়েকদিন ধরেই চিনের অগ্রাসন নিয়ে উষ্মা প্রকাশ করে আসছে আমেরিকা। ভারত ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চিনের একাধিপত্য নিয়েও সরব হয়েছিল জো বাইডেন প্রশাসন। এই এলাকায় চিনকে চাপে রাখতে ভারত, জাপান ও অস্ট্রেলিয়াকে নিয়ে ‘কোয়াড’ গড়ে তুলেছিল আমেরিকা। এই কোয়াড গোষ্ঠীভূক্ত দেশগুলি নিজেদের মধ্যে বোঝাপড়া যাতে আরও ভালো হয় সেই ব্যাপারেও উদ্যোগী হয়েছেন জো বাইডেন। এবার অরুণাচল ইস্যুতে ভারতের পাশে দাঁড়িয়ে আমেরিকা চিনকে আরও কড়া বার্তা দিল বলেই মনে করছে কূটনৈতিক মহল। যদিও এই বিষয়ে চিন কোনও প্রতিক্রিয়া জানায়নি।

About Post Author