Home » এবারের নোবেল শান্তি পুরস্কার কী নরেন্দ্র মোদির হাতে?

এবারের নোবেল শান্তি পুরস্কার কী নরেন্দ্র মোদির হাতে?

সময় কলকাতা ডেস্ক, ১৬ মার্চ: নোবেল প্রাইজ কমিটির ডেপুটি লিডার অ্যাসলে তোজের (Asle Toje) একটি মন্তব্যে তোলপাড় দেশ। তাঁর দাবি, এবার নোবেল শান্তি পুরস্কারের সবচেয়ে বড় দাবিদার হলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এরপরই জল্পনা শুরু হয়েছে তবে কী নরেন্দ্র মোদি নোবেল শান্তি পুরস্কার পাচ্ছেন? প্রসঙ্গত, এবারই প্রথম নয়, এর আগেও নরেন্দ্র মোদিকে নোবেল শান্তি পুরস্কারে মনোনয়ন দেওয়ার ব্যাপারে উদ্যোগী হয়েছিলেন ভারতের একাধিক সাংসদ। তবে সেই প্রস্তাব নোবেল প্রাইজ কমিটির কাছে পাত্তা পায়নি। তবে এবার এই কমিটির ডেপুটি লিডারের মন্তব্যের পর এই দাবি আরও জোরালো হল।

ঠিক কী বলেছেন অ্যাসলে তোজে? সর্বভারতীয় মিডিয়ায় দেওয়া এক সাক্ষাৎকারে নোবেল প্রাইজ কমিটির ডেপুটি লিডার মোদির প্রশংসায় পঞ্চমুখ। তিনি বলেন, “আজকের দিনে গোটা বিশ্বে শান্তির সবচেয়ে বড় প্রতীক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি”। তিনি আরও বলেছেন, নরেন্দ্র মোদি এমন একজন বিশ্বস্ত মুখ যার যে কোনও দুটি দেশের মধ্যে যুদ্ধ থামিয়ে দেওয়ার ক্ষমতা আছে। তাঁর নীতির জেরেই ভারত আজ সমৃদ্ধ এবং শক্তিশালী। তোজে স্পষ্ট বলেছেন, “মোদি যদি নোবেল পান, তাহলে সেটা একজন যোগ্য নেতাকে প্রাপ্য সম্মান দেওয়া হবে”। অ্যাসলে তোজের কথায়, শান্তি স্থাপনের ঐতিহ্য রয়েছে ভারতের। তাঁর মতে, ভারত একদিন বিশ্বের সবচেয়ে ক্ষমতাশালী দেশে পরিণত হবেই। বিশ্বের প্রতিটি রাষ্ট্রনায়কের উচিত শান্তি স্থাপনের জন্য কাজ করা। নরেন্দ্র মোদি যেভাবে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামানোর ব্যাপারে যে গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছেন তারও ভূয়সী প্রশংসা করেন অ্যাসলে তোজে।

প্রসঙ্গত, মার্কিন সংস্থা মর্নিং কনসাল্টেন্সির সমীক্ষাতে ফের একবার বিশ্বের সবচেয়ে জনপ্রিয় নেতা হিসেবে উঠে এসেছেন নরেন্দ্র মোদি। এই নিয়ে পরপর তিনবার তিনি এই মর্যাদা পেলেন। এরপরই নোবেল প্রাইজ কমিটির প্রতিনিধিরা ডেপুটি লিডার অ্যাসলে তোজোর নেতৃত্বে ভারতে আসেন। এই কমিটিই ঠিক করেন প্রতি বছর কারা কারা সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য নোবেল পুরস্কার পাবেন। ওই কমিটির উপপ্রাধান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উচ্ছ্বসিত প্রশংসা করায় অনেকেই মনে করছেন তাঁর নোবেল শান্তি পুরস্কার পাওয়া কেবলমাত্র সময়ের অপেক্ষা।

About Post Author