Home » দেখুন লাদাখের সুউচ্চ পাহাড়ে কিভাবে শিকার ধরল তুষারচিতা!

দেখুন লাদাখের সুউচ্চ পাহাড়ে কিভাবে শিকার ধরল তুষারচিতা!

সময় কলকাতা ডেস্ক, ১৭ মার্চ: কথায় আছে তুষার চিতাকে খালি চোখে দেখা সম্ভব না। এই কারণেই হিমালয়ের সুউচ্চ শিখরে বরফে ঢাকা এলাকায় থাকা এই ভয়ানক প্রাণীদের ‘পাহাড়ের ভূত’ বলা হয়। এই তুষার চিতাদের সচরাচর ক্যামেরায় ধরা যায় না। কিন্তু সম্প্রতি লাদাখ অঞ্চলে একদল তুষার চিতার একটি ভিডিও ইন্টারনেটের নজর কেঁড়েছে। বুধবারই দি ওয়াইল্ড ইন্ডিয়া (The Wild India) নামে একটি টুইটার হ্যান্ডল থেকে লাদাখের সুউচ্চ এলাকায় এক তুষার চিতার শিকার ধরার ভিডিও শেয়ার করা হয়। যা পরে শেয়ার করেন ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিসের আধিকারিক পরভিন কেসওয়ান। এরপরই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল হয়ে যায়।

লাদাখের উরিয়ালের কাছে উল্লে শ্যাপুতে হিমালয়ের অনেক উঁচু এলাকায় একদল তুষার চিতা শিকার ধরছিল। সৌভাগ্যবশত সেই দৃশ্য ভিডিও ক্যামেরাবন্দি করেন একদল ছবি শিকারি। কারণ তুষার চিতা নিজেদের এমনভাবে লুকিয়ে রাখে যে তাঁদের সহজে খুঁজে পাওয়া যায় না। তুষার চিতা হিমালয়ের খুব খাঁড়া ও পাথুরে এলাকায় বাস করে। অনেক উচ্চতায় পাহাড়ি খাঁজে এমনভাবে নিজেদের লুকিয়ে রাখে যে খুব কাছে থাকলেও সহজে ধরা যায় না। ভারতের জম্মু-কাশ্মীর, লাদাখ, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, সিকিম ও অরুণাচল প্রদেশে হিমালয়ান রেঞ্জে পাওয়া যায়।

তুষার চিতা দুর্দান্ত শিকারি। পাহাড়ের অনেক উচ্চতায় কঠিন ও রুক্ষ জমিতে নিজের ওজনের প্রায় তিনগুণ বড় কোনও শিকার ধরতে তাঁরা দক্ষ। তুষার চিতার ত্বক, শক্ত হাড় ও শরীরের গঠন একে দক্ষ শিকারি গড়ে তুলেছে। খাঁড়া পাহাড়ের গায়ে অত্যন্ত দ্রুতগতিতে দৌঁড়ানো তুষার চিতার কাছে খুব স্বাভাবিক ব্যাপার। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, অনেক উঁচু থেকে তাড়া করে একটি তুষার চিতা পাহাড়ের ঢাল বেয়ে শিকার ধরছে। পাহাড়ের ঢাল বেয়ে চোখের পলকে একেবারে নিচে নেমে এসে একটি হরিণকে ধরে ফেলে চিতাটি। পরে সেটিকে মুখে নিয়ে ওই পাহাড়ের ঢাল বেয়েই উঠে যায় তুষার চিতাটি। অনেকেই চিতাটির শিকার ধরার অসামান্য দক্ষতার পাশাপাশি প্রশংসা করেছেন ওই ফটোগ্রাফারকেও।

About Post Author