Home » বাঙালি পর্যটকদের জন্য সুখবর! পুরীতে তৈরি হচ্ছে বাংলার সরকারি গেষ্ট হাউস

বাঙালি পর্যটকদের জন্য সুখবর! পুরীতে তৈরি হচ্ছে বাংলার সরকারি গেষ্ট হাউস

সময় কলকাতা ডেস্ক, ২০ মার্চ: আগামী সপ্তাহেই ব্যক্তিগত সফরে পুরী যাচ্ছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, সেখানে গিয়ে তিনি গেস্ট হাউসের জন্য দেখে রাখা জমি পরিদর্শন করবেন। জানা যাচ্ছে, এবার পুরীতে রাজ্য সরকারি গেস্ট হাউস তৈরি করার উদ্যোগ নেওয়া হয়েছে। বাঙালিদের কাছে অতি প্রিয় ভ্রমণ গন্তব্য হল ওড়িশার সৈকত শহর পুরী। জগন্নাথ মন্দিরের জন্য যা জগৎ বিখ্যাত। একদিকে তীর্থভ্রমণ ও অন্যদিকে সমুদ্র দর্শন, অর্থাৎ রথ দেখা ও কলা বেচা দুটোই হয় পুরী বেড়াতে গেলে। তাই পুরীতে বাঙালি পর্যটকদের ঢল নামে সারা বছর। তাই সেখানে রাজ্য সরকারি গেস্ট হাউস তৈরি হলে লাভবান হবেন বাংলার পর্যটকরা। আগামী বছরেই এই গেস্ট হাউস চালু হতে পারে বলেই নবান্ন সূত্রে জানা যাচ্ছে।

পুরীর জগন্নাথ মন্দির বা সমুদ্রের কাছে অসংখ্য সরকারি ও বেসরকারি গেস্ট হাউস রয়েছে রাজ্যের বিভিন্ন সংস্থার। কিন্তু সরাসরি রাজ্য সরকারের অধীনে কোনও গেস্ট হাউস ছিল না। ফলে পুরীতে এটাই হবে কোনও সরকারি গেস্ট হাউস। উল্লেখ্য, দিল্লিতে ও চেন্নাইয়ে রাজ্যের গেস্ট হাউস রয়েছে। নবান্ন সূত্রে জানা যাচ্ছে, মঙ্গলবার সন্ধ্যায় পুরীর উদ্দেশ্যে যাত্রা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সঙ্গে যাচ্ছেন পূর্ত দফতরের কয়েকজন আধিকারিক।

আরও পড়ুন  আকাশপথে জুড়ছে পুরুলিয়া, প্রায় ৩০০ কোটি ব্যায়ে হবে বিমানবন্দর

জানা যাচ্ছে বুধবার তাঁদের সঙ্গেই মুখ্যমন্ত্রী পুরী পৌঁছে গেস্ট হাউসের জন্য প্রস্তাবিত জমি পরিদর্শন করবেন। সেই সঙ্গে গেস্ট  হাউসের নকশা ও প্রস্তুতি খতিয়ে দেখবেন। এমনকি কোনও প্রয়োজনীয় নির্দেশও দিতে পারেন তিনি। প্রসঙ্গত, সম্প্রতি একটি প্রশাসনিক সভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুরীতে সরকারি গেস্ট হাউস তৈরি কথা জানিয়েছিলেন। এরপরই সেই কাজের প্রস্তুতি শুরু করে দিয়েছিলেন পূর্ত দফতরের আধিকারিকরা।

বুধবারই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুরীর জগন্নাথ মন্দিরে পুজো দেবেন। এর পরে বা আগে তিনি প্রস্তাবিত রাজ্য সরকারি গেস্ট হাউসের জমি পরিদর্শন করতে পারেন বলে খবর। তবে তৃণমূল সূত্রে জানা যাচ্ছে, মুখ্যমন্ত্রী ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়কের সঙ্গেও একান্ত বৈঠক করবেন। জাতীয় রাজনীতিতে অবিজেপি এবং অকংগ্রেসি জোট তৈরির জন্য এর আগে তিনি কলকাতায় কথা বলেছিলেন উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদবের সঙ্গে। এবার তিনি বিজু জনতা দলের সর্বোচ্চ নেতা নবীন পট্টানায়কের সঙ্গেও বৈঠক করতে পারেন। ফলে শুধু পুরীর গেস্ট হাউস নয়, সকলের নজর থাকবে ওই বৈঠকের দিকেও।

About Post Author