Home » মমতার পথে এবার তামিলনাড়ুতেও ‘লক্ষ্ণীর ভাণ্ডার’! কত টাকা পাবেন মহিলারা?

মমতার পথে এবার তামিলনাড়ুতেও ‘লক্ষ্ণীর ভাণ্ডার’! কত টাকা পাবেন মহিলারা?

লক্ষ্ণীর ভাণ্ডার

সময় কলকাতা ডেস্ক, ২১ মার্চ:  বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখানো পথেই এবার হাঁটছে তামিলনাড়ুর ডিএমকে সরকার। বাংলার লক্ষ্ণীর ভাণ্ডার প্রকল্পের মতোই নতুন প্রকল্প চালু হচ্ছে দক্ষিণ ভারতের ওই রাজ্যে। দক্ষিণ ভারতের এই রাজ্যে মহিলারা প্রতি মাসে ভাতা পাবেন বলে আগেই ঘোষণা করেছিল ডিএমকে। সোমবার তামিলনাড়ু বিধানসভায় বাজেট পেশ করে অর্থমন্ত্রী থিয়াগা রাজন জানান আগামী সেপ্টেম্বর থেকেই এই প্রকল্প চালু হবে। তবে তামিলনাড়ুর মহিলারা প্রতি মাসে পাবেন ১০০০ টাকা করে। প্রসঙ্গত, লক্ষ্ণীর ভাণ্ডার প্রকল্পে বাংলার মহিলারা পান প্রতি মাসে ৫০০ টাকা করে। উল্লেখ্য, এর আগে ভোটমুখী কর্ণাটকেও লক্ষ্ণীর ভাণ্ডারের মতো প্রকল্প ঘোষণা করেছিল কংগ্রেস।

সোমবার তামিলনাড়ু বিধানসভায় চলতি অর্থবর্ষের বাজেট পেশ হল। তাতেই মহিলাদের মাসিক ভাতা দেওয়ার প্রকল্প ঘোষণা করেন ওই রাজ্যের অর্থমন্ত্রী থিয়াগা রাজন। তিনি জানান, আগামী ১৫ সেপ্টেম্বর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন এই বিশেষ প্রকল্পের সূচনা করবেন। এরপর থেকে প্রতি মাসে তামিলনাড়ুর মহিলারা প্রতি মাসে ১০০০ টাকা করে ভাতা পাবেন। এর জন্য রাজ্য সরকারের অতিরিক্ত ৭,০০০ কোটি টাকা ব্যায় ধরা হয়েছে। রাজনৈতিক মহলের অভিমত, একুশের বিধানসভা ভোটের আগে লক্ষ্ণীর ভাণ্ডার প্রকল্প চালু করা ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মাস্টারস্ট্রেক। ফলে প্রবল বিরোধী হাওয়া থাকা সত্বেও তৃণমূল একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তৃতীয়বারের জন্য ক্ষমতায় আসে। যদিও মহিলাদের সামাজিক সুরক্ষার আওতায় আনার জন্য লক্ষ্ণীর ভাণ্ডার প্রকল্প গোটা বিশ্বেই সমাদৃত হয়। রাষ্ট্রসঙ্ঘের তরফেও প্রশংসা করা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের চালু করা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পকে।

তামিলনাড়ু বিধানসভা নির্বাচনের আগে প্রচারেই ডিএমকে মহিলাদের ভাতা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। এবার সেই প্রকল্প রূপায়নের দিকে এগোতে চাইছে ডিএমকে প্রধান এম কে স্ট্যালিন। উল্লেখ্য আগামী ১৫ সেপ্টেম্বর ডিএমকে-র প্রতিষ্ঠাতা তথা তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী সিএন আন্নাদুরাইয়ের জন্মজয়ন্তী। তাই ওই দিনই তামিলনাড়ু সরকার নতুন এই প্রকল্প চালু করবে। যদিও দক্ষিণের ওই রাজ্যে এই প্রকল্পের নাম লক্ষ্ণীর ভাণ্ডার থাকছে না। বরং নাম দেওয়া হয়েছে ‘মাগালির উরিমাই থোগাই’, যার বাংলা অর্থ হল ‘নারী সহায়তার অধিকার’। এই প্রকল্পের অধীনে তামিলনাড়ুর প্রবীন মহিলারা প্রতি মাসে ১০০০ টাকা করে ভাতা পাবেন। তবে বাংলায় সমাজের অধিকাংশ অংশের মহিলারাই লক্ষ্ণীর ভাণ্ডার প্রকল্পের আওতায় রয়েছেন।

About Post Author