Home » নিয়োগ দুর্নীতিতে অয়নকে গ্রেফতারের পরই চাঞ্চল্যকর দাবি ইডি-র

নিয়োগ দুর্নীতিতে অয়নকে গ্রেফতারের পরই চাঞ্চল্যকর দাবি ইডি-র

সময় কলকাতা ডেস্ক,২১ মার্চঃ নিয়োগ দুর্নীতি মামলার তদন্ত যত এগোচ্ছে ততই যেন ঘনীভূত হচ্ছে রহস্য। শনিবার টানা ৩৭ ঘণ্টা ম্যারাথন জেরার পর ইডি-র হাতে গ্রেফতার হয় শান্তনু ঘনিষ্ঠ প্রোমোটার অয়ন শীল। শান্তনু বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতারের পরই ইডির নজরে ছিল অয়ন। অয়ন গ্রেফতার হতেই ইডির হাতে উঠে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। সূত্র মারফত জানা গিয়েছে,কুন্তলের কাছে ২০২২-এর টেট পরীক্ষার ওএমআর শিট পাওয়া গিয়েছিল। এমনকী শান্তনুর সল্টলেকের অফিস থেকে ২০১৪-১৫ সালে পুরসভায় নিয়োগের ওএমআর শিট ও পাওয়া গিয়েছে। অন্যদিকে,চুঁচুড়ার বাড়ি থেকে মিলেছে শিক্ষক ও শিক্ষাকর্মী নিয়োগের ওএমআর শিট। ইডি-র দাবি, রাজ্যের ৬০ পুরসভা মিলিয়ে পাঁচ হাজার চাকরি বিক্রি হয়েছে। আর তার বিনিময়ে প্রায় ৫০ কোটি টাকা তোলা হয়েছিল। এর পাশাপাশি শনিবার থেকে সোমবার পর্যন্ত সল্টলেকের এফডি ব্লকে তল্লাশি চালিয়ে অয়ন শীলের বাড়ি থেকে ইডি ৩২টি ব্যাং ক অ্যা কাউন্টের চেকবই ও নথি উদ্ধার করেছে। যার মধ্যে একটি গ্রামীণ ব্যাংক, তিনটি সরকারি ব্যাংনক ও দু’টি বেসরকারি ব্যাং কের নথি পাওয়া গিয়েছে।

আরও পড়ুন   আজকের দিনের গুরুত্ব

উল্লেখ্য,সোমবার ভোররাতে অয়ন শীলকে গ্রেফতার করেছে ইডি। জানা গিয়েছে, একাধিক প্রশ্নের উত্তর দিতে না পারায় তাঁকে গ্রেফতার করা হয়েছে। ইডি সূত্রে খবর,অয়নকে শান্তনুর মুখোমুখি বসিয়ে জেরা করা হতে পারে। শান্তনু ঘনিষ্ঠ এই প্রোমোটারকে শনিবার ৯টা নাগাদ আটক করে ইডি। এরপরই অয়নের অফিস থেকে ৪০০ ওএমআর শিটের ফটোকপি উদ্ধার করে ইডি। সেইসঙ্গে চাকরিপ্রার্থীদের নামের তালিকা,অ্যাডমিট কার্ড ও একাধিক নথিও উদ্ধার হয়েছে। এমনকী শান্তনু ও অয়নের যৌথ সম্পত্তির হদিশ মিলেছে বলেও ইডি সূত্রে খবর। এছাড়াও পুরসভার চাকরি সংক্রান্ত নথিও উদ্ধার হয়েছে। তদন্তকারীদের অনুমান, নিয়োগ দুর্নীতির যাবতীয় নথি লুকিয়ে রাখা ছিল অয়ন শীলের বাড়িতেই। অয়নের মাধ্যমেই বিপুল পরিমাণ টাকা লেনদেন করা হয়েছে। একজন প্রোমোটারের বাড়ি থেকে কীভাবে নিয়োগের নথি উদ্ধার হল, তা নিয়ে ইতিমধ্যেই একাধিক প্রশ্ন উঠছে।

আরও পড়ুন  দেশী-বিদেশী মহিলা উদ্ধার, যৌন চক্র ফাঁস

সূত্রের খবর,প্রোমোটার অয়নের একই আবাসনে ফ্ল্যাট রয়েছে নিয়োগ দুর্নীতিতে ধৃত শান্তনু বন্দ্যোপাধ্যায়েরও৷ যদিও নিয়োগ দুর্নীতি কাণ্ডে আগেই ইডি স্ক্যানারে নাম ছিল এই অয়ন শীলের। শনিবার তল্লাশির জন্য শান্তনুর ফ্ল্যাটের তালা ভাঙতে ডাকা হয় চাবিওয়ালা ববি পালকে। অন্যদিকে, শনিবার সকাল ১০ টা নাগাদ শান্তনুর রিসোর্টে তল্লাশি চালায় ইডি আধিকারিকরা। সেখানে বলাগড় থানার সিভিক ভলেন্টিয়ার নিলয় মালিক, শ্রীপুর বলাগর পঞ্চায়েতের তৃণমূল সদস্য বিশ্বরূপ প্রমাণিক ও আকাশ ঘোষকে দীর্ঘক্ষণ ধরে চলে জেরা।

About Post Author