Home » ‘ঘিয়ের জন্য ঘেউ ঘেউ করছে’, তৃণমূলের মনোরঞ্জনের নিশানায় ডিএ আন্দোলন?

‘ঘিয়ের জন্য ঘেউ ঘেউ করছে’, তৃণমূলের মনোরঞ্জনের নিশানায় ডিএ আন্দোলন?

সময় কলকাতা ডেস্ক, ২২ মার্চ: প্রাপ্য ডিএ বা মহার্ঘ্য ভাতার দাবিতে দীর্ঘদিন ধরেই আন্দোলন করছেন রাজ্য সরকারি কর্মচারিদের একাংশ। মামলা গড়িয়েছে সুপ্রিম কোর্ট পর্যন্ত। অপরদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কার্যত স্পষ্ট করে দিয়েছেন, রাজ্যের ভাঁড়ারের যা হাল তাতে এই মুহূর্তে ডিএ দেওয়া সম্ভব না। এই আবহেই এবার ডিএ আন্দোলনকারীদের নিশানা করলেন তৃণমূল বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী। সোশ্যাল মিডিয়ায় তিনি যে ভাষায় আক্রমণ করেছেন তা নিয়ে ইতিমধ্যেই শোড়গোল পড়ে গিয়েছে রাজ্য রাজনীতিতে।  ঠিক কি লিখেছেন তৃণমূল বিধায়ক?

আরও পড়ুন  উচ্চ প্রাথমিকে চাকরিপ্রার্থীদের বিক্ষোভে ধুন্ধুমার সল্টলেকে

বুধবার ফেসবুক পোস্ট করে বলাগড়ের বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী লেখেন, “একদল লোকের পাতে পোলাও-মাংস আছে। তাঁরা ঘেউ ঘেউ করছে। বলছে পোলাওয়ে ঘি কম। আরও ঘি ঢালতে হবে। আর একদল যারা খালি পেটে গামছা বেঁধে রাতে ঘুমাতে যায়। আমি সবদিন ওই না খাওয়া লোকটির জন‍্য লড়েছি আর লড়ব। ঘি বাবুর লড়াইয়ে সে হারবে না জিতবে আমার কিছু যায় আসে না”। এই পোস্টটি সামনে আসতেই শোড়গোল পড়ে যায় আন্দোলনকারীদের মধ্যে। এমনকি সোশ্যাল মিডিয়ায় তীব্র কটাক্ষের শিকারও হলেন বর্ষীয়ান তৃণমূল বিধায়ক। সরকারি কর্মচারিরাও মনোরঞ্জনের এই মন্তব্যের বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া দিচ্ছেন। অনেকেই আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের করা ‘ঘেউ ঘেউ’ মন্তব্যের প্রসঙ্গও তুলে আনছেন।

আরও পড়ুন  ‘মোদি হটাও দেশ বাঁচাও’ পোস্টারে ছয়লাপ দিল্লি! গ্রেফতার ৬

ডিএ আন্দোলনকারীদের মতে, শাসকদলের বহু নেতা-মন্ত্রী এই আন্দোলন নিয়ে নানা কটু কথা বলেছেন। এবার তাঁদের দলে নাম লেখালেন বলাগড়ের বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী। আন্দোলনকারীদের এক নেতার কতায়, একজন বিধায়কের কাছে এমন মন্তব্য প্রত্যাশিত নয়। রাজ্য সরকারও আমাদের বারবার আক্রমণ করছে। এতে সরকার ও বিধায়কদের সংস্কৃতি বোঝা যাচ্ছে। তবে এ ভাবে আমাদের আন্দোলন দমানো যাবে না। অপরদিকে তৃণমূল বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী জানিয়েছেন, আমি কাউকে নির্দিষ্ট করে কিছু লিখিনি। আমি সমাজের সার্বিক চিত্রটাই তুলে ধরতে চেয়েছি। তিনি আরও দাবি করেন, তাঁর এই মন্তব্যের সঙ্গে দলের কোনও সম্পর্ক নেই। তবে তাতেও বিতর্ক থামছে না।

ডিএ আন্দোলন

About Post Author