সময় কলকাতা ডেস্ক, ২৫ মার্চ: কলকাতা হাইকোর্টের নির্দেশ ছিল সিভিক ভলান্টিয়াররা কী কী কাজ করতে পারবেন তার নির্দিষ্ট গাইডলাইন প্রকাশ করতে হবে। সেই নির্দেশের পর রাজ্য পুলিশের তরফে সেই গাইডলাইন প্রকাশ করা হল। নির্দিষ্ট কোন কোন কাজ সিভিক ভলান্টিয়ারদের জন্য বরাদ্দ তা ওই গাইডলাইনে জানিয়েছে রাজ্য পুলিশ। সম্প্রতি, কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা রাজ্য পুলিশের আইজি-কে নির্দেশ দিয়েছিলেন সিভিক ভলান্টিয়ারদের কী কী কাজ করতে হবে তা নির্দিষ্ট করে জানাতে। রাজ্যের আইনশৃঙ্খলা রক্ষার ক্ষেত্রেই বা সিভিক ভলান্টিয়ারদের কী ভূমিকা সেটাও জানাতে বলা হয়েছিল। আদালতের ভর্ৎসনার পরই টনক নড়ে রাজ্য পুলিশের। এবার নির্দিষ্ট করে জানিয়ে দেওয়া হল সিভিক ভলান্টিয়াররা এবার থেকে কী কী কাজ করবেন।
আরও পড়ুন নিয়োগ দুর্নীতিতে ইডি-র স্ক্যানারে অয়ন শীলের একাধিক ব্যাঙ্ক লকার

ওই গাইডলাইনে বলা হয়েছে, সিভিক ভলান্টিয়াররা এখন থেকে একা ট্রাফিক নিয়ন্ত্রণ করতে পারবেন না। এক্ষেত্রে পুলিশকর্মীদের সাহায্য করতে পারবেন মাত্র। এছাড়া বেআইনি পার্কিং রুখতে পুলিশকে সাহায্য করবেন। অপরদিকে, বিভিন্ন জমায়েত, উৎসবে ভিড় সামাল দেওয়ার কাজ করবেন সিভিক ভলান্টিয়াররা। এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশকে সাহায্য করবেন তাঁরা। অর্থাৎ আইনশৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে সিভিক ভলান্টিয়ারদের ভূমিকা থাকল না আর। বিভিন্ন ক্ষেত্রে শুধুমাত্র সহায়তা প্রদান করতে পারবেন তাঁরা। উল্লেখ্য, এর আগে বহুবার রাজ্যের বিরোধী দলগুলি অভিযোগ তুলেছেন সিভিক ভলান্টিয়ারদের আড়ালে দলীয় ক্যাডারদের নিয়োগ করেছে তৃণমূল। ফলে তাঁরা থানাগুলিতে পুলিশের সমান ক্ষমতাশালী হয়ে উঠেছে। অনেক ক্ষেত্রে তাঁদের বিরুদ্ধে অনৈতিক কাজের অভিযোগও উঠেছে। কিন্তু সিভিক ভলান্টিয়াররা কী কী কাজ করতে পারবেন তা নির্দিষ্ট করে বলা না থাকায় প্রশাসনিক সমস্যা হচ্ছিল। তাঁদের আইনশৃঙ্খলা রক্ষার কাজেও লাগানোর অভিযোগ উঠছিল।
আরও পড়ুন কয়লা ও গরু পাচারকাণ্ডে ইডি দফতরে হাজিরা সিউড়ি থানার আইসির

উল্লেখ্য, কলকাতা হাইকোর্টে একটি মামলার জেরে সিভিক ভলান্টিয়ারদের এক্তিয়ার নিয়ে প্রশ্ন উঠেছিল। সম্প্রতি হাওড়ার এক যুবকের বাড়ি ঢুকে তাঁকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ ওঠে দুই সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে। এর আগে আমতার বাম ছাত্র নেতা আনিস খানের বাড়িতেও মাঝরাতে সিভিক ভলান্টিয়ার হানা দেওয়ার অভিযোগ উঠেছিল। এই পরিপ্রেক্ষিতে বিচারপতি রাজাশেখর মান্থা রাজ্য পুলিশের আইজিকে সিভিক ভলান্টিয়াররা কী কী কাজ করতে পারবেন তার পূর্ণাঙ্গ গাইডলাইন তৈরি করে আদালতে জমা দিতে নির্দেশ দিয়েছিলেন। আগামী ২৯ মার্চের মধ্যেই ওই রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ ছিল। কিন্তু তার আগেই রাজ্য পুলিশের ডিরেক্টরেট গাইডলাইন তৈরি করে প্রকাশ করল।


More Stories
সই বিতর্কে বিজেপিকে তোপ চন্দ্রনাথের
দল মানে কারা? প্রশ্ন তুলে পদত্যাগ অরূপ-সুশান্তের
অরুণ ভৌমিকের ১৪ দিনের জেল হেফাজত