স্পোর্টস ব্যুরো, সময় কলকাতা, ২৮ মার্চ: ক্রিকেট হোক বা ফুটবল, গড়াপেটা ঘটনায় একাধিকবার কালিমালিপ্ত হয়েছে বিশ্ব ক্রীড়া জগৎ। ২০০০ সালে দক্ষিণ আফ্রিকা ক্রিকট দল ভারত সফরে আসে। সেই সফরে ম্যাচ গড়াপেটার সঙ্গে যুক্ত থাকার অভিযোগ উঠেছিল তৎকালীন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক হ্যানসি ক্রোনিয়ের বিরুদ্ধে। ম্যাচের আগে দলের তরুণ ওপেনার হার্শেল গিবসকে ১৫ হাজার ডলারের বিনিময়ে ২০ রানের মধ্যে আউট হওয়ার নির্দেশ দিয়েছিলেন তৎকালীন দক্ষিণ আফ্রিকা অধিনায়ক।

এরপর আজীবনের জন্য ক্রোনিয়েকে নির্বাসন করে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড। এক লহমায় সারা জীবনের অর্জিত সুনাম ধুলোয় মিশে যায় প্রতিভাবান দক্ষিণ আফ্রিকা অধিনায়কের। গোটা ঘটনা রীতিমত চাঞ্চল্য ফেলে দেয় ক্রীড়া মহলে। এরপর ভারতের অজয় জাদেজা, আজহারউদ্দিন থেকে পড়শী দেশ পাকিস্তানের মহম্মদ আরিফ, মহম্মদ আসিফ, সলমন বাট বারবার নাম জড়িয়েছে গড়াপেটার সঙ্গে। এমনকি ভারতীয় ক্রিকেটের সব থেকে বড় টুর্নামেন্ট আইপিএলেও একাধিকবার উঠেছে গড়াপেটার অভিযোগ। বর্তমান সময়ে ক্রীড়াক্ষেত্র কি গড়াপেটা মুক্ত? এক সংস্থার দাবিতে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য।
আরও পড়ুন দাপুটে ফুটবলে জয় ডাচ বাহিনীর

‘স্পোর্টর্যাডার ইন্টিগ্রিটি সার্ভিসেস’ নামের একটি সংস্থার পক্ষ থেকে দাবি করা হয়েছে, কেবল ২০২২ সালে বিশ্বজুড়ে সব খেলা মিলিয়ে এক হাজারের বেশি ম্যাচে গড়াপেটা হওয়ার সম্ভাবনা রয়েছে। এই রিপোর্ট সামনে আসতেই ক্রীড়া মহলে শুরু হয়েছে চাপানউতোর। কারণ, এই সংস্থাটি আন্তর্জাতিক স্তরে স্বীকৃত। বিশ্বে বিভিন্ন দেশের বিভিন্ন খেলায় দুর্নীতির বিষয়টি খতিয়ে দেখে এই সংস্থা। খেলার দুর্নীতি খতিয়ে দেখতে এই সংস্থা ‘ইউনিভার্সাল ফ্রড ডিটেকশন সিস্টেম’ নামে একপ্রকার বিশেষ পদ্ধতি ব্যবহার করে।

এই পদ্ধতিতে দেখা গিয়েছে শুধুমাত্র ২০২২ সালে পৃথিবীর মোট ৯২ টি দেশের ১২ ধরনের খেলায় মোট ১২১২ টি ম্যাচে গড়াপেটা হয়ে থাকতে পারে। এই সংক্রান্ত মোট ২৮ পাতার একটি রিপোর্ট প্রকাশ করেছে এই সংস্থা। এছাড়াও রিপোর্টে বলা হয়েছে সব থেকে বেশি গড়াপেটা হয়েছে ফুটবলে। মোট ৭৭৫ টি ম্যাচে গড়াপেটা হয়েছে। পাশাপাশি ৭৫ টি টেনিস, ২২০ টি বাস্কেটবল ম্যাচে গড়াপেটা করা হয়েছে। তালিকায় ৬ নম্বরে রয়েছে ক্রিকেট। এই সংস্থার দাবি, এক বছরে মোট ১৩ টি ক্রিকেট ম্যাচে গড়াপেটা হয়েছে। এর আগে এক বছরে ক্রিকেটে এতবার বেনিয়মের অভিযোগ এই প্রথম।
আরও পড়ুন পাভার্ডের দুরন্ত গোল, মেগনানের অবিশ্বাস্য সেভ আয়ারল্যান্ডকে হারাল ফ্রান্স

তবে কোন পর্যায়ের ক্রিকেটে এই অনিয়ম হয়েছে সে বিষয়ে স্পষ্ট করে কিছু জানানো হয়নি। তবে স্বস্তির বিষয় এই যে তালিকায় থাকা ম্যাচ গুলির মধ্যে ভারতে অনুষ্ঠিত কোনও ম্যাচ নেই। তবে সেই ম্যাচে ভারত খেলেছিল কিনা সেবিষয়ে এখনও রয়েছে ধোঁয়াশা।


More Stories
চেন্নাইয়ানকে হারিয়ে মোহনবাগানকে টপকে ইস্টবেঙ্গল তিন নম্বরে
কেকেআর-কে হারালেন, কে এই মুকুল চৌধুরী ?
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার