Home » গরু পাচার মামলায় তিহার জেলেই ঠাঁই অনুব্রতর

গরু পাচার মামলায় তিহার জেলেই ঠাঁই অনুব্রতর

সময় কলকাতা ডেস্ক,২৯ মার্চঃ মিলল না জামিন। গরু পাচার মামলায় আপাতত  তিহার  জেলেই ঠাঁই অনুব্রতর। দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত তাঁকে চার মাসের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে। এদিন বিচারক দীনেশ শর্মার ডিভিশন বেঞ্চ এই মামলার শুনানি প্রায় ৪ মাস পিছিয়ে যায়। ইতিমধ্যেই অনুব্রতর জামিন মামলায় ইডি-কে চার সপ্তাহের মধ্যে রিপোর্ট পেশ করার নির্দেশ দিয়েছে আদালত। এই মামলার পরবর্তী শুনানি আগামী ২৭ জুলাই হবে বলেই জানা গিয়েছে। অন্যদিকে, কয়লা পাচারকাণ্ডে রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটককে তলব করে ইডি। কিন্তু, বুধবার তিনি ইডি-র হাজিরা এড়িয়ে যান।

আরও পড়ুন   সাংসদ পদ খারিজের জের, ফয়জলেই ঘটতে পারে রাহুল গান্ধির মুক্তি

 

এদিকে,গরুপাচার মামলায় অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ সাঁইথিয়ার চালকল মালিক রবীন টিব্রেওয়ালকে ফের তলব সিবিআইয়ের। একইসঙ্গে তাঁর সংস্থার এক হিসাবরক্ষককেও তলব করা হয়েছে। সূত্রের খবর,আগামী এপ্রিল মাসের ২ তারিখ রবীন টিব্রেওয়াল এবং হিসাবরক্ষককে যাবতীয় নথিপত্র নিয়ে কলকাতার নিজাম প্যালেসে তলব করা হয়েছে। গত সোমবারই রবীনকে জেরা করেন কেন্দ্রীয় গোয়েন্দারা। কিন্তু, বয়ানে একাধিক অসঙ্গতি থাকার কারণে ফের তাঁকে তলব করা হয়েছে বলে সিবিআই সূত্রে খবর। ইতিমধ্যেই গরু পাচার মামলার প্রধান অভিযুক্ত এনামুল হকের সঙ্গে ওই চালকল মালিকের আর্থিক লেনদেনের তথ্য প্রকাশ্যে এসেছে। সেই লেনদেনের সূত্র ধরেই জিজ্ঞাসাবাদ করা হয় রবীন টিব্রেওয়াল এবং তাঁর বাবকে। কিন্তু,এদিন তাঁরা একাধিক প্রশ্নের উত্তর এড়িয়ে গিয়েছে বলেই জানা গিয়েছে। কার্যত সেকারণেই চালকল মালিক এবং হিসাবরক্ষককে তলব করা হয়েছে।


এর আগে গরু পাচারকাণ্ডে সোমবারই ফের সিউড়ি থানার আইসি মহম্মদ আলিকে তলব করেছিল ইডি-র। সূত্রের খবর,বয়ানে একাধিক অসঙ্গতি থাকার কারণে মহম্মদ আলিকে দ্বিতীয়বার তলব করা হয়েছে। এর আগে গরু পাচার মামলায় সিউড়ি থানার আইসি মহম্মদ আলিকে শনিবার দু’দফায় প্রায় নয় ঘণ্টা ধরে তাঁকে ম্যারাথন জেরা করে ইডি। জিজ্ঞাসাবাদ শেষে রাত প্রায় দশটা নাগাদ ইডির অফিস থেকে বেরোন তিনি। ইডি-র দাবি, পাচারকারীদের সাহায্যের জন্য মোটা অঙ্কের ‘প্রোটেকশন মানি’ পেতেন সিউড়ি থানার আইসি মহম্মদ আলি। এমনকী তাঁর শ্বশুরবাড়ির সদস্যদের বেশ কিছু সম্পত্তির হদিশ পাওয়া গিয়েছে। কার্যত সেকারণেই তাঁকে দিল্লিতে তলব করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা।

আরও পড়ুন   ভোরবেলা ভূমিকম্প, কেঁপে উঠল আফগানিস্তান

সূত্র মারফত জানা গিয়েছে,গরু পাচার চক্রের সঙ্গে যে মোটা অঙ্কের কালো টাকা জড়িয়ে রয়েছে,সেই কালো টাকা কীভাবে সাদা করা হত, তা জানতেই ফের তলব করা হয়েছে। এই গরু পাচারের টাকা কোন পথে ঘোরানো হত, কোন সংস্থায় কত টাকা বিনিয়োগ করা হয়েছে,কার নির্দেশ মতো এই টাকা বিনিয়োগ হয়েছে, সেইসব বিষয়ে জানতেই শনিবার সিউড়ি থানার আইসি মহম্মদ শেখ আলিকে তলব করা হয়েছিল বলেই সূত্রের খবর।

About Post Author