সময় কলকাতা স্পোর্টস ডেস্ক, ২৮ মার্চ : কিরঘিজ প্রজাতন্ত্রকে হারিয়ে ইম্ফলে ত্রিদেশীয় টুর্নামেন্ট জিতে নিল ভারত। কিরঘিজ প্রজাতন্ত্র ভারতের চেয়ে ফিফা ৱ্যাঙ্কিংয়ের দিক থেকে ১২ ধাপ এগিয়ে থাকলেও জিততে অসুবিধে হয় নি ভারতের। মঙ্গলবারের ম্যাচে খেলায় আধিপত্য দেখিয়েই জিতল ভারত। খেলার ফল ২-০। উভয় অর্ধে একটি করে গোল করে ভারতীয় ফুটবল দল। গোলদাতা সন্দেশ ঝিঙ্গন ও অধিনায়ক সুনীল ছেত্রী।

ভারত অমিমাংসিত ভাবে ম্যাচ শেষ করলেই চ্যাম্পিয়ন হতে পারত। কারণ প্রথম ম্যাচে ভারত মায়ানমারকে একমাত্র গোলে হারিয়ে তিনটি মূল্যবান পয়েন্ট সংগ্রহ করে। অন্যদিকে কিরঘিজ ও মায়ানমারের খেলাটি অমিমাংসিত ছিল। পয়েন্টের দিক থেকে সুবিধাজনক স্থানে থাকা ভারত এ দিন ইগর স্টিমাচের প্রশিক্ষণে থাকা ভারত নিজেদের রক্ষণের খোলসে গুটিয়ে রাখে নি। গত ম্যাচের গোলদাতা অনিরুদ্ধ থাপা ছাড়াও চাঙতে বা সুরেশ ওয়াংঝামরা প্রথম থেকেই সচল ছিলেন। খেলার গোড়ার দিকে ব্র্যান্ডনের বাঁক খাওয়ানো ফ্রিকিক কোনওরকমে প্রতিহত করেন কিরঘিজ গোলরক্ষক।পাশাপাশি কিরঘিজরাও বেশ কিছু আক্রমণ তুলে আনলেও সেট পিস মুভমেন্টের মাধ্যমেই গোল করার কাছাকাছি পৌঁছে যায় তারা।
আরও পড়ুন : প্রয়াত কিংবদন্তি ফুটবলার জাস্ট ফন্টেন
এরই মাঝে ভারত মাঝেমাঝেই রক্ষণ গুছিয়ে জোরদার আক্রমণ শানায়। ফলও পায় হাতেনাতে। ভারতের দুটি গোলই দলগত সংহতির ফসল।উল্লেখ্য,এদিন সুনীল ছেত্রী আন্তর্জাতিক ফুটবলে তাঁর ৮৫ তম গোলটি পেলেন। খেলার ৮৩ মিনিটে পেনাল্টিতে আসে তাঁর গোল। তবে এদিনের ম্যাচের তারকা ছিলেন আইএসএলে ইস্টবেঙ্গল দলের হয়ে সাড়া ফেলা মহেশ নাওরেম সিং। বাঁ দিকের উইং দিয়ে বারবার ঝড় তোলেন, হয়ে ওঠেন বিপজ্জনক। তিরিশ হাজার দর্শকের সামনে জীবনের দ্বিতীয় আন্তর্জাতিক ম্যাচে মহেশ নিজের রাজ্য মনিপুরে তাঁর জাত চেনান।সুনীল ছেত্রীর গোলের কারিগরও ছিলেন মহেশ। উইং দিয়ে প্রবল গতিতে কাট করে বক্সে ঢুকে পড়া মহেশকে ফেলে দেওয়া হলে পেনাল্টি পায় ভারত। গোল করতে ভুল করেন নি দলনায়ক সুনীল।

এর আগেই অবশ্য গোল করেছিলেন সুনীলের বেঙ্গালুরু এফ সির আরেক সতীর্থ ও তারকা ফুটবলার সন্দেশ ঝিঙ্গন। তবে বরাবর হেডে গোল করতে অভ্যস্ত হলেও এদিন সন্দেশ ব্র্যান্ডন ফারনানদেজের ফ্রিকিকে পা ছুঁইয়ে গোল করে যান তিনি। ৩৪ মিনিটের গোল শোধ করতে দ্বিতীয়ার্ধের শুরুতেই ঝাঁপায় কিরঘিজ বাহিনী। ৪৮ ও ৪৯ মিনিটে দুটি নিশ্চিত পতন রুখে দেন গুরপ্রীত সিংহ সান্ধু।সুনীলের গোল দেখা দেয় ইনসিওরেন্স গোল হয়ে।খেলা শেষের ছ মিনিট আগে দেশের মাটিতে ভারতের চ্যাম্পিয়ন হওয়ার বাধা নিস্কন্টক করেন মহেশ ও সুনীল ছেত্রী।
আরও পড়ুন :শেষ একবছরে হাজারের বেশি ম্যাচে গড়াপেটা! আন্তর্জাতিক সংস্থার রিপোর্টে চাঞ্চল্য


More Stories
হকিতে ভারতের মেয়েরা ১৯ গোল দিল পাকিস্তানকে
ইউএস ওপেন : ছিটকে গেলেন আলকারাজ
ঈশান কিষানের পরাক্রমে দলীপ ট্রফি জয়ের দোরগোড়ায় পূর্বাঞ্চল