Home » ঋষভের বদলে দিল্লিতে বাংলার অভিষেক!

ঋষভের বদলে দিল্লিতে বাংলার অভিষেক!

সময় কলকাতা ডেস্ক,৩০ মার্চঃ বাংলার ক্রিকেটের জন্য সুখবর। আসন্ন মরশুমের জন্য বাংলার পেসার অভিষেক পোড়েলকে দলে নিল দিল্লি ক্যাপিটালস। আর কিছু সময়ের অপেক্ষা, তারপর শুরু হতে চলেছে চলতি মরশুমের আইপিএল। আর এই মেগা টুর্নামেন্টকে ঘিরে চড়ছে সমর্থকদের মধ্যে উন্মাদনার পারদ। কিছুদিন আগেই দিল্লির নির্ভরযোগ্য উইকেট রক্ষক ব্যাটার ঋষভ পন্থ গত বছরের শেষে সড়ক দুর্ঘটনার শিকার হন। এরপর আন্তর্জাতিক ক্রিকেটের পাশাপাশি এবছরের আইপিএল থেকেও ছিটকে যান ঋষভ। তাঁরই পরিবর্ত হিসেবে এবার বাংলার উইকেট রক্ষক ব্যাটারকে দলে নিল দিল্লি। সূত্রের খবর,সৌরভ গঙ্গোপাধ্যায়ের পরামর্শ মেনেই এই সিদ্ধান্ত।

আরও পড়ুন    ইস্টবেঙ্গল মাঠে এবার চুলবুল পাণ্ডে?

প্রসঙ্গত,আইপিএল শুরুর আগে কলকাতার সল্টলেকের যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মাঠে প্রস্তুতি শিবির করেছিল দিল্লি। সেই শিবিরে উপস্থিত ছিলেন স্বয়ং বাংলার মহারাজ। সেখানে ঋষভের পরিবর্ত হিসেবে কিছু উইকেটরক্ষক ব্যাটারের ট্রায়ালে নেয় দিল্লি। সেই ট্রায়ালে অভিষেককে মনে ধরে সৌরভের। পরবর্তী সময়ে কলকাতা ও দিল্লিতে দুই শিবিরে ডাক পান বাংলার অভিষেক। সেখানে সৌরভের পাশাপশি অভিষেককেই পছন্দ হয় দিল্লির অধিনায়ক রিকি পন্টিংয়ের। সৌরভ ও পন্টিংয়ের মিলিত সিদ্ধান্তে এবার সিলমোহর দিল দিল্লি ম্যানেজমেন্ট।


উল্লেখ্য,অভিজ্ঞ উইকেট রক্ষক ব্যাটার ঋদ্ধিমান সাহা বাংলা ছেড়ে ত্রিপুরার হয়ে খেলার সিদ্ধান্ত নিলে সুযোগ চলে আসে অভিষেকের কাছে। এরপর নিজেকে ২২ গজে প্রমাণ করে এখন বাংলা দলের নিয়মিত সদস্য এই বাঁ হাতি উইকেটকিপার ব্যাটার। চলতি রঞ্জি ট্রফিতে রানার্স আপ হয় বাংলা। সেখানেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন অভিষেক। বাংলার হয়ে ১৬টি প্রথম শ্রেণির ম্যাচে ৬৯৫ রান করেছেন ২০ বছরের অভিষেক। তাঁর ঝুলিতে রয়েছে ৬টি অর্ধশতরান। গড় ৩০.২১। বাংলার হয়ে লোয়ার অর্ডারে শাহবাজ আহমেদের সঙ্গে তাঁর জুটি সাফল্য এনে দিয়েছে বাংলাকে।

আরও  পড়ুন   মেক্সিকোর শরণার্থী শিবিরে ভয়াবহ অগ্নিকাণ্ড, মৃত অন্তত ৩৯

আইপিএল নিলামে নাম থাকলেও, কোনও দল তাঁকে নেওয়ার জন্য আগ্রহ দেখায়নি। এমনকি ঘরের দল কলকাতা নাইট রাইডার্সও ভাবেনি তাঁর নাম। কিন্তু ঋষভ পন্থ দুর্ঘটনায় জখম হওয়ায় দ্বিতীয় দেশীয় উইকেটকিপারের সন্ধান করছিল দিল্লি। আর সেই সুযোগ এবার চলে এল বাংলার অভিষেকের কাছে। এখন তারকা খচিত দিল্লি দলের প্রথম একাদশে ঢোকা লক্ষ্য বাংলার এই প্রতিশ্রুতিমান উইকেট রক্ষকের সামনে।

About Post Author