Home » গরু পাচার মামলায় ফের ১২ দিনের জেল হেফাজত অনুব্রত মণ্ডলের

গরু পাচার মামলায় ফের ১২ দিনের জেল হেফাজত অনুব্রত মণ্ডলের

সময় কলকাতা ডেস্ক,৩ এপ্রিলঃ মিলল না জামিন। গরু পাচার মামলায় ফের তিহাড় জেলেই ঠাঁই হল বীরভূমের অনুব্রত মণ্ডলের। গরুপাচার মামলায় ধৃত অনুব্রত মণ্ডলকে আগামী ১৫ এপ্রিল পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিয়েছে দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত। সূত্রের খবর,ওইদিনই আদালতে তোলা হবে অনুব্রত মণ্ডলের হিসাবরক্ষক মণীশ কোঠারিকেও।

এর আগে গত ৩১ মার্চ গরু পাচার মামলায় ফের একবার সিবিআই আদালতে পিছিয়ে যায় অনুব্রত মামলার শুনানি। গত সপ্তাহের শুক্রবার অনুব্রতকে আসানসোলের বিশেষ সিবিআই আদালতে ভার্চুয়ালি পেশ করার কথা ছিল। কিন্তু, প্রযুক্তিগত ত্রুটির কারণে ওইদিন গরু পাচার মামলার শুনানি পিছিয়ে যায়। অন্যদিকে, ওইদিন তিহাড় জেলে বন্দি সায়গল হোসেনকেও ভার্চুয়ালি পেশ করার কথা ছিল। কিন্তু,প্রযুক্তিগত ত্রুটির কারণে তা হয়নি। আগামী ২৭ এপ্রিল অনুব্রত ও সায়গলের পরবর্তী শুনানি হবে বলেই সূত্রের খবর।


আরও পড়ুন    আসানসোল কম্বলকাণ্ডঃ ফের ৭ দিনের জেল হেফাজত বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির

গরুপাচার মামলায় ইতিমধ্যেই দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত অনুব্রতকে চার মাসের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে। বিচারক দীনেশ শর্মার ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি প্রায় ৪ মাস পিছিয়ে যায়। ইতিমধ্যেই অনুব্রতর জামিন মামলায় ইডি-কে চার সপ্তাহের মধ্যে রিপোর্ট পেশ করার নির্দেশ দিয়েছে আদালত। এই মামলার পরবর্তী শুনানি আগামী ২৭ জুলাই হবে বলেই জানা গিয়েছে।

অন্যদিকে,গরুপাচার মামলায় অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ সাঁইথিয়ার চালকল মালিক রবীন টিব্রেওয়ালকে ফের তলব সিবিআইয়ের। একইসঙ্গে তাঁর সংস্থার এক হিসাবরক্ষককেও তলব করা হয়েছে। সূত্রের খবর,আগামী এপ্রিল মাসের ২ তারিখ রবীন টিব্রেওয়াল এবং হিসাবরক্ষককে যাবতীয় নথিপত্র নিয়ে কলকাতার নিজাম প্যালেসে তলব করা হয়েছে। গত সোমবারই রবীনকে জেরা করেন কেন্দ্রীয় গোয়েন্দারা। কিন্তু, বয়ানে একাধিক অসঙ্গতি থাকার কারণে ফের তাঁকে তলব করা হয়েছে বলে সিবিআই সূত্রে খবর। ইতিমধ্যেই গরু পাচার মামলার প্রধান অভিযুক্ত এনামুল হকের সঙ্গে ওই চালকল মালিকের আর্থিক লেনদেনের তথ্য প্রকাশ্যে এসেছে। সেই লেনদেনের সূত্র ধরেই জিজ্ঞাসাবাদ করা হয় রবীন টিব্রেওয়াল এবং তাঁর বাবকে। কিন্তু,এদিন তাঁরা একাধিক প্রশ্নের উত্তর এড়িয়ে গিয়েছে বলেই জানা গিয়েছে। কার্যত সেকারণেই চালকল মালিক এবং হিসাবরক্ষককে তলব করা হয়েছে।

About Post Author